হাতে নগদ ৫৫ হাজার! রয়েছে দুটি জীবনবিমা, পবিত্র করের শিক্ষাগত যোগ্যতা কী জানেন?

Published:

Pabitra Kar

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তার পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে এবারের নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রটিকেও ‘পাখির চোখ’ করেছে রাজ্যের শাসকদল। কারণ সেখানে শুভেন্দু অধিকারীর বিপক্ষে দাঁড়িয়েছে তাঁরই এককালীন ঘনিষ্ঠ সহযোদ্ধা পবিত্র কর, তাই স্বাভাবিকভাবেই ধোঁয়াশা বাড়ছে কে কত আসনে জয়ী হবে। ইতিমধ্যেই গত সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাই এবার আর দেরি না করে তৃণমূলের প্রার্থী পবিত্র করও (Pabitra Kar) মনোনয়নপত্র জমা দিলেন।

নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে লড়বেন পবিত্র

পবিত্র কর প্রথমদিকে তৃণমূল করলেও ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হয়েছিলেন বিজেপির ব্লক সভাপতিও। এমনকি তাঁর স্ত্রী বিজেপির টিকিটে জিতে পঞ্চায়েত প্রধানও হয়েছিলেন। নন্দীগ্রামের যে এলাকায় শুভেন্দু গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন, পবিত্র সেই এলাকারই নেতা। শুধু রাজনীতি নয়, হিন্দুত্ববাদী একাধিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন পবিত্র। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই বড় রদবদল হল। গত ১৭ মার্চ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পবিত্র। আর দলে যোগ দিয়েই শুভেন্দু বিপক্ষে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় তাঁকে।

পবিত্র করের শিক্ষাগত যোগ্যতা

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে নন্দীগ্রামে। তাই গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। স্বাভাবিক নিয়মেই সেখানে শিক্ষাগত যোগ্যতা থেকে সম্পত্তির খতিয়ান, সবটাই তুলে ধরেছেন তিনি। শিক্ষাগত যোগ্যতা স্বরূপ জানানো হয়েছে ১৯৯৮ সালে নারায়ণচক হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন পবিত্র। এবং হলফনামা অনুযায়ী, পবিত্র করের ২০২৪-২৫ অর্থবর্ষে আয়ের পরিমাণ ৪ লক্ষ ৯৯ হাজার ৫৫০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষেও সম্পত্তির পরিমাণ প্রায় একই ছিল ৪ লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। এবং এই মুহূর্তে তাঁর কাছে নগদ রয়েছে ৫৪ হাজার ৫৩০ টাকা।

অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?

হলফনামা অনুযায়ী, পবিত্র করের ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৫৭৬ টাকা। আর ওই একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০০০ টাকা। এছাড়াও তাঁর দুটি জীবনবিমা যথাক্রমে ১০ লক্ষ ও ২৫ লক্ষ টাকার আছে। এছাড়া সোনা রয়েছে মোট ৫০ গ্রাম। যার মূল্য এখন ৭ লক্ষ ৩ হাজার ৭৫০ টাকা। তাঁর স্ত্রীর কাছে ৪০০ গ্রাম সোনা রয়েছে। যার মূল্য এখন ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। তিনি যে ‘হন্ডা সাইন’ বাইকটি ব্যবহার করেন সেটির দাম ৮৬ হাজার টাকা। প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা। তাঁর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লক্ষ ৭৩ হাজার ৪১ টাকা।

আরও পড়ুন: কালিয়াচক কাণ্ডে উস্কানি, পালাতে গিয়ে গ্রেফতার ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম

অপরাধের রেকর্ড তৃণমূল প্রার্থীর

পবিত্র করের কাছে ৪.৭৯২৪৪ একর কৃষি জমি রয়েছে, যার মূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৬৫ টাকা। বাস্তু জমি তাঁর নেই। তাঁর নামে কোনও বাড়ি বা বাণিজ্যিক ভবনও নেই। অন্যদিকে অপরাধের রেকর্ড অনুযায়ী নন্দীগ্রাম থানায় পবিত্র করের বিরুদ্ধে চারটি FIR রুজু হয়েছিল— ২০২০ সালের ২৩ জানুয়ারি হলদিয়ার এসিজেএম আদালতে তাঁর বিরুদ্ধে তিন মামলা রুজু হয়, ২০২১ সালের ১৭ মার্চ হলদিয়ার এডিজে কোর্টে তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু হয় এবং ২০২১ সালের ২৭ মার্চ এসিজেএম আদালতেও একটি মামলা রুজু হয়েছে পবিত্রের বিরুদ্ধে। পাশাপাশি ২০২৩ সালের ২২ জুন হলদিয়ার এসিজেএম আদালতে আরও একটি মামলা রুজু হয়। তবে কোনও মামলাতেই দোষী সাব্যস্ত করা হয়নি তাঁকে।

google button