প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পালাবদল হতেই বিজেপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। সম্প্রতি মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণ করতে ময়দানে নেমেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জানিয়ে দিয়েছেন আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ হাজার টাকা। আর এসবের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে মহিলাদের শৌচাগার (Women’s Toilet Construction) নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ!
দীর্ঘদিন ধরে শহরের একাধিক জায়গায় কোনও মহিলা শৌচাগার না থাকায় সমস্যায় পড়তে হয় মহিলাদের। এই সমস্যা নিয়ে বারংবার অভিযোগ জানানো হলেও কোনরকম সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি যে সব জায়গায় মহিলাদের শৌচাগার নির্মাণ করা হয়েছে সেখানকার অবস্থা খুবই শোচনীয়, জলের সঠিক ব্যবস্থাও নেই। তাই এবার এই নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ও রাজ্যের অন্যান্য অংশে মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ করবে। এছাড়াও প্রতিটি জায়গায় যথাযথ স্যানিটেশন ব্যবস্থা করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।
সাধারণ শৌচাগারের সামনে শিশুদের মূর্তি বিতর্ক
গত ১৫ বছরে, বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় হোক কিংবা বিশ্রামাগার যেখানেই যা কিছুর উদ্বোধন হয়েছে, তা নিয়ে অনেক সময়ই সমালোচনার ঝড় উঠে। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি সাধারণ শৌচাগারের সামনে উলঙ্গ শিশুদের শৌচকর্মের মূর্তি নিয়ে বিতর্ক বাধল। দক্ষিণ কলকাতার গড়িয়া শ্মশানের সামনে রয়েছে একটি পাবলিক শৌচাগার। তার সামনে থাকা চারটি উলঙ্গ শিশুর মূর্তি নিয়ে পূর্বতন সরকারকে খোঁচা দিলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি প্রশ্ন করেন বাংলার সংস্কৃতি নিয়ে।
আরও পড়ুন: কলকাতায় বসে পাকিস্তানের চরবৃত্তি! NIA-র হাতে গ্রেফতার জাফর রিয়াজ
রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমি ছবিটা দেখেছি। আসলে তৃণমূলের কাছ থেকে আর কী আশা করতে পারেন। তাদের রুচি বলে কি কোনও জিনিস রয়েছে? পাবলিক টয়লেটের মধ্যে বাচ্চাদের ওই ধরনের মূর্তি, খুবই নিম্নরুচির। কোটি টাকা খরচ করে পাবলিক টয়লেট করেছে। আমরা তো এবার অডিট করব, কোন খাতে কত টাকা খরচ হয়েছে।” অন্যদিকে এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি বলেন, “এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কুরুচির প্রমাণ”।










