প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে সকলেরই মন চায় বাড়িতে কিছু নিত্যনতুন খাবার (Recipe) চেখে দেখার। আর সেক্ষেত্রে শুরুটা শুরু দিয়ে করতেই বেশি ভালো লাগে, অর্থাৎ সকালের জলখাবার (Breakfast Recipe)। কাজের দিনগুলিতে কোনো রকমে নাকে চোখে মুখে কিছু একটা খেয়ে দৌড়াতে হয় কাজের উদ্দেশে অনেক সময় আবার সেই জলখাবারটাও মিস যায়। তবে রবিবার বা অন্য কোনো ছুটির দিন হলেই মনটা কেমন লুচি পরোটা কিংবা কচুরি খেতে মন চায়। তাই আজ আমাদের প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্ন স্বাদের ডিমের কচুরির রেসিপি (Dimer Kochuri Recipe) নিয়ে। যা খেতে হবে দুর্দান্ত।
বানিয়ে নিন ডিমের কচুরি
শীতের মরশুমে অনেক সময় আমরা মটরশুটির কচুরি খেয়ে থাকি, এছাড়াও উত্তর কলকাতায় আবার বেশ কয়েক জায়গায় বিক্রি হয় মাছের কচুরিও। কিন্তু কোলেস্টেরল, ডায়াবিটিস, ক্যালোরির চিন্তায় রোজ রোজ এই সব বাইরের খাবার খাওয়া খুব চাপের বিষয়। তবে মাঝেমধ্যে বাড়িতে ভালো তেলে এই খাবার খেলে মন্দ হয় না। সেই কারণে আজ একটু অন্য ধরনের ডিমের কচুরি নিয়ে হাজির হলাম আমরা। যেখানে না থাকবে মাছের কাঁটা ছাড়ানোর ঝামেলা আর না থাকবে মটরশুঁটির মশলা বানানোর ঝক্কি। চলুন একনজরে জেনে নেওয়া যাক রান্নার উপকরণগুলো।
উপকরণ
ডিমের কচুরি বানানোর জন্য, ময়দা, তেল, সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, সেদ্ধ আলু, চিনি, নুন, ভাজা মশলা। প্রায় প্রতিটি জিনিসই কম বেশি সকলের রান্নাঘরে থাকে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি।
রান্নার পদ্ধতি
প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে হালকা ভেজে নিতে হবে। তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু ভালো করে মেখে কড়াইতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, সামান্য হলুদ, চিনি, ভাজা মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ৩ মিনিট পর ঢাকনা তুলে ওর মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে দিতে হবে। তারপর মাখিয়ে নিতে হবে ভালো করে। ব্যাস তাহলেই তৈরি কচুরির মশলা।
আরও পড়ুন: বাতাসে বিষ! দূষণে বিশ্বে দশম নদিয়ার বীরনগর, তালিকায় বাংলার আরও ৯ শহর
মশলা বানানোর পর একটি বাটিতে পরিমাণমত ময়দা নিয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য নুন এবং তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর জল দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে নিতে হবে। এরপর কচুড়ির জন্য লেচি কেটে ওর মধ্যে ডিমের পুর ভরে নিতে হবে। সবশেষে কড়াইতে তেল গরম করে ওই লেচিগুলো গোল আকারে বেলে ভেজে নিতে হবে। গরম গরম ডিমের কচুরির সঙ্গে পাঠার ঘুগনি, চানা মশলা অথবা আলুর দম দিয়েও খাওয়া যাবে বেশ। তাই আর দেরি না করে ঝটপট পরিবার এবং নিজের জন্য বানিয়ে ফেলুন ডিমের কচুরি।












