বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে কার্যত ভেঙে পড়েছে গোটা বিশ্বের সরবরাহ শৃংখল। লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। সেই পর্বে ভারত থেকে ডিজেল যাচ্ছে বাংলাদেশে। সে দেশে এই জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বর্তমান তারেক রহমান সরকার (India-Bangladesh Relations)। এবার শোনা যাচ্ছে, ভারত থেকে গম আমদানির পরিকল্পনা করছে পদ্মা পাড়ের দেশ।
ভারত থেকে গম আমদানি করবে বাংলাদেশ?
রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের এক ব্যবসায়ী জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করতে চলেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ ভারত গত ফেব্রুয়ারি মাসে স্থলপথ দিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এবার 25 লাখ টন শস্য এবং অতিরিক্ত 5 লাখ টন গম ভিত্তিক পণ্য এমনকি সুজিও বাংলাদেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। ওই ব্যক্তির দাবি, এক মাস আগে নাকি ভারত সরকার 5 লাখ টন গমের আটা বাংলাদেশে রপ্তানির অনুমতি দিয়েছিল।
তৎকালীন এক সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছিল, বিদেশে পণ্য বিক্রির অনুমতি দেওয়ার মূল উদ্দেশ্য বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা। এর আগে বাংলাদেশে প্রবল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল প্রচুর ধান। পরবর্তীতে ভারত থেকে বিপুল পরিমাণ চাল সীমান্ত দিয়ে রপ্তানি করা হয় ওপারে। এবারে সেই পথ ধরেই হয়তো বাংলাদেশে পৌঁছতে পারে গম ও গম জাত পণ্য যেমন সুজি এবং আটা সহ অন্যান্য পণ্য।
অবশ্যই পড়ুন: পয়লা বৈশাখে ভারতে আসবে পদ্মার ইলিশ! সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য বাংলাদেশের
বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত সর্বনিম্ন হারের কারণে ভারতীয় গম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দামী হয়ে গিয়েছিল। একই সাথে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সার সরবরাহে ব্যাঘাত ঘটেছে। যার ফলে বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা বেড়েছে। মূলত সে কারণেই বাংলাদেশের ক্রেতারা পরিবহন খরচ বাঁচাতে ভারতীয় সার কিনবেন বলে আশা করছেন অনেকেই।
প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সিংহাসনে বসেছিলেন মহম্মদ ইউনূস। ঠিক তারপর থেকেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে ওপার বাংলার। যদিও বাংলাদেশের জাতীয় নির্বাচনে ওপারের ক্ষমতা হাতে পেয়েছেন তারেক রহমান। বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, তারেক তথা বাংলাদেশ ন্যাশনাল পার্টির আমলেই ধীরে ধীরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরছে।












