প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা চৈত্র মাসের আবহাওয়ায় একের পর এক দুর্যোগ যেন লেগেই রয়েছে। কখনও ব্যাপক গরম তো কখনও আবার কালবৈশাখী। গত সোমবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও বিকেলে কলকাতার সহ কোটা দক্ষিণবঙ্গে কালবৈশাখী তাণ্ডব দেখা যাবে। শুধু তাই নয় আগামীকালও (Weather Tomorrow) হবে ঝড় বৃষ্টি।
বিকেলেও থাকবে কালবৈশাখীর তাণ্ডব
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তার জেরেই সোমবার থেকে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকেই হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, এই জেলাগুলিতে কালবৈশাখীর দাপটে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে বিকেলেও থাকবে দুর্যোগমূলক পরিস্থিতি। আগামীকাল পর্যন্ত বজায় থাকবে বৃষ্টির এই ঘনঘটা। ফলস্বরূপ গরমের হাত থেকে আপাতত নিস্তার পেল রাজ্যবাসী। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও রোদের দেখা মিলবে বেশ কয়েকটি জেলায়। কিন্তু বিকেল হতেই প্রকৃতি তাণ্ডব রূপ ধারণ করবে। বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। এছাড়াও পূর্ব বর্ধমান, হুগলি সহ বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে আশা করা যাচ্ছে শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: নন্দীগ্রামে পবিত্র করকে দেখে ‘মাটি চোর’ বলে স্লোগান, ভাইরাল ভিডিও
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। আগামীকালও তার রেশ থাকবে। হাওয়া অফিস জানিয়েছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ডুয়ার্স সংলগ্ন এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং ইতিমধ্যেই ভিজেছে হালকা বৃষ্টিতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে তুমুল ঝড়। তাই দরকার ছাড়া বাইরে না বেড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।












