সহেলি মিত্র, কলকাতাঃ দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে বিরাট সাফল্য পেল রেল (Indian Railways)। বর্তমান সময়ে রেল প্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন, কবে চালু হবে বুলেট ট্রেন? কোন কোন রুটে ছুটবে হাইস্পিড ট্রেনটি? আর কতদিন অপেক্ষা করতে হবে? কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে জানিয়েছেন যে ২০২৭ সালের মধ্যে কিছু অংশে ট্রেন পরিষেবা শুরু করে দেওয়া হবে। যাইহোক, এই অপেক্ষার মাঝেই রেলমন্ত্রী আরও একটি বড় আপডেট শেয়ার করে সকলকে চমকে দিলেন। এক কথায় এই হাইভোল্টেজ প্রোজেক্ট নিয়ে নতুন মাইলফলক অর্জন করেছে ভারতীয় রেল। কী সেই সাফল্য চলুন সে সম্পর্কে জেনে নেবেন।
বুলেট ট্রেন প্রকল্পে নতুন মাইলফলক অর্জন রেলের
নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেটা অনুযায়ী, ১,৩৬০ মেট্রিক টন ওজনের একটি বিম বা গার্ডারস সফলভাবে স্থাপনের মাধ্যমে মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি একটি মাইলফলক অর্জন করেছে। এটি গুজরাটের মণিনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে।
One of the heaviest girders launched successfully
🏗️ Weighing ~1,360 metric tonnes
⏱️ Launched in just 3.5 hours📍Bullet train project, Maninagar, Gujarat pic.twitter.com/FBX3mhf96Z
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2026
কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন যে, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম ভারী একটি বিম সফলভাবে স্থাপন করা হয়েছে। এটি মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্থাপন করা হয়েছিল বলে খবর। পোর্টাল বিমটির দৈর্ঘ্য ৩৪ মিটার এবং এর প্রস্থচ্ছেদ ৫.৫ মিটার চওড়া ও ৪.৫ মিটার উঁচু।
কী বলছেন রেল কর্তারা?
এই কাজ প্রসঙ্গে বড় আপডেট শেয়ার করেছেন প্রোজেক্টের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন যে, মণিনগর রেলস্টেশনের কাছে মোট পাঁচটি এই ধরনের বিম স্থাপন করার পরিকল্পনা রয়েছে। একটি সরকারি বিবৃতি অনুযায়ী, “কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ ইন্সটলেশন প্রক্রিয়াটি খুব অল্প সময়ে, প্রায় সাড়ে তিন ঘণ্টায় সম্পন্ন করা হয়েছে।” এই কাজটি একটি ২,২০০ মেট্রিক টন ধারণক্ষমতার ক্রলার ক্রেন ব্যবহার করে সম্পন্ন করা হয়। সেইসঙ্গে একটি ২৬০ টনের স্ট্যান্ডবাই ক্রেন, একটি ৮০ টনের ক্রেন, ম্যান লিফটার এবং অ্যাঙ্করিং ফ্রেমসহ একটি লিফটার বিম সিস্টেম ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ কলকাতা-অমৃতসরের স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, চলবে তিন মাস! জানুন রুট ও সময়সূচি
কর্মকর্তারা জানিয়েছেন, “এই বিশেষ অভিযানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, যার মধ্যে অন্যতম হলো প্রায় ১,৩৬০ মেট্রিক টনের একটি অতি ভারী জিনিস তুলে ধরা এবং সেটিকে ঠিক জায়গায় স্থাপন করা। এটি ভারতীয় রেল পরিকাঠামোয় এখনও পর্যন্ত তোলা অন্যতম ভারী বোঝা। সময়ের মধ্যে কাজ শেষ করাটাও বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে।”












