নোটিস নিয়ে কাটতে হল চক্কর, অভিষেককে ভবানী ভবনে তলব CID-র

Published:

Abhishek Banerjee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) খোঁজে নোটিস হাতে চক্কর কাটতে হল CID আধিকারিকদের। জানা গিয়েছে, প্রথমে অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছন তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা। সেখানে দরজা বন্ধ পাওয়ায় পরে নোটিস নিয়ে কালীঘাটের বাড়িতে যান তাঁরা। শেষমেষ সেখানেই বাড়ির বাইরে এসে CID-র কাছ থেকে নোটিস গ্রহণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামী সোমবার দুপুর 12টায় তাঁকে ভবানী ভবনে তলব করেছে CID।

CID-কে কটাক্ষ অভিষেকের!

এদিন দুপুরে নোটিস হাতে নিয়ে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির সামনে হাজির হন CID কর্তারা। তবে জানতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে নেই। তিনি তখন ছিলেন কুণাল ঘোষের বাড়িতে। সূত্রের খবর, সেখানে ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে কথা বলছিলেন তিনি। পরবর্তীতে সেখান থেকে কালীঘাটের বাড়িতে পৌঁছন অভিষেক। এদিন বাড়ির বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড খানিকটা কটাক্ষের সুরেই বলেন, “ওরা কি জানে না আমি 7 বছর ধরে কোথায় থাকি? ওদের তো চাকরি করতে হয়। অনেকক্ষণ ধরে বেচারা অফিসারগুলো অপেক্ষা করছিলেন, তাই শেষমেষ নোটিসটা নিয়ে ওদের ছেড়ে দিলাম।”

শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার করে জানিয়েছেন, তিনি শান্তিনিকেতনের বাড়িতে থাকেন না। তাঁর সাথে দেখা করতে গেলে কালীঘাটের ঠিকানাতেই আসতে হবে। পরবর্তীতে দেখা যায় CID আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে সেখানে তৃণমূল নেতাকে চিঠি ধরালেন। ওই চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী সোমবার দুপুরের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে CID আধিকারিকদের সাথে দেখা করতে হবে।

অবশ্যই পড়ুন: জুন থেকেই রাজ্যে ১০% বাড়ছে বিদ্যুতের বিল, জারি বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, আজ CID অফিসারদের কাছ থেকে নোটিস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুঙ্কার দিয়ে বলেছিলেন, “আমার লুকানোর কিছু নেই। এর আগে ED, CBI আমাকে ডেকেছে। 10 থেকে 12 বার আমি নিজে গিয়ে তদন্তে সাহায্য করেছি। আমি কোনদিনও পালিয়ে যাইনি।” এদিন রাজ্যের বর্তমান শাসক দলকে একপ্রকার নিশানা করেই অভিষেক বলেন, তাঁকে ধমকে চমকে বা ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি লড়াইয়ের মাটি ছাড়বেন না।