কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ২ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, ভারী বৃষ্টি! আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: ভোট গণনাকে কেন্দ্র করে তপ্ত সমগ্র বাংলা। কুর্সি দখলের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলির মধ্যে। শেষমেষ কে যেতে সেটা তো সময়ই বলবে। কিন্তু এরই মাঝে আবার আবহাওয়ার মেজাজ (Weather Update) বদলে যেতে চলেছে বলে খবর। আজ সোমবার বিকেলের মধ্যেই বাংলাজুড়ে কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির দাপট শুরু হবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ফলে আপনার যদি দুপুর বা বিকেলের দিকে বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু।

বিকেলে ধেয়ে আসছে কালবৈশাখী, ভারী বৃষ্টি

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের দুই জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ সোমবার বিকেলের দিকে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবক’টি জেলাতেই রয়েছে কমলা সতর্কতা। যদিও ভারী বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হুগলি এবং উত্তর ২৪ পরগনায়।

শুধুমাত্র আজকেই নয় আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও বাংলা জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ বিকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। সোমবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।উত্তর পূর্ব-পশ্চিম নিম্নচাপ  অক্ষরেখাটি এখন পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝারখণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসাম অতিক্রম করেছে। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের অপর অবস্থিত উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত এখনও অব্যাহত রয়েছে। যার ফলে আপাতত কয়েকদিন দুর্যোগ চলবে বাংলার জেলা গুলিতে।