বাংলায় সরকার গঠনের কতদিন পর সপ্তম বেতন কমিশন? জানুন

Published:

Seventh Pay Commission,

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্মূল হয়েছে রাজ্যের ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজ। ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। তবে নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ক্ষমতায় আসলে রাজ্যের সরকারি কর্মচারীদের আগামী ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) কার্যকর করা হবে। সেই কারণেই এখন সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের মনে একটাই প্রশ্ন, বিজেপি কবে এই প্রতিশ্রুতি রাখবে?

আগেই ঘোষণা করেছিল বিজেপি

উল্লেখ্য, গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরের একটা জনসভায় জানিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় আসার পরপরই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এমনকি ১০ এপ্রিল কলকাতায় এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই জানিয়েছিলেন যে, বিজেপি সরকার গঠন হলে আগামী ৪৫ দিনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়ন হবে। এমনকি নির্বাচনী ইস্তেহারেও তিনি তা উল্লেখ করেন। এই কারণেই আশার আলো দেখছে সরকারি কর্মচারীরা।

ষষ্ঠ বেতন কমিশন কবে কার্যকর হয়েছিল?

বলে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং পেনশন পেয়ে থাকেন। যেমনটা খবর, গত ২৭ নভেম্বর ২০১৫ তে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল এবং তা কার্যকর হয়েছিল ১ জানুয়ারি ২০১৬ থেকেই। আর সেখানে থেকেই এখনও এই বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীরা সুবিধা পেয়ে আসছে। এমনকি এই কমিশনে বর্তমানে মাত্র ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই কম।

আরও পড়ুন: “বারাসাত, মধ্যমগ্রামে জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছে” বললেন শমীক ভট্টাচার্য

তবে সপ্তম বেতন কমিশন গঠন হলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন তো বাড়বেই। পাশাপাশি অন্যান্য বিভিন্ন সুবিধাও বাড়বে। তবে অনুমান করা হচ্ছে, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কিছুটা বাড়ানো হতে পারে, যা বেতনের উপর সরাসরি প্রভাব ফেলবে। এমনকি বর্তমানে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় রেখে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা বা অন্যান্য ভাতাগুলি পর্যালোচনা করা হতে পারে, যা কর্মীদের মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সাহায্য করবে। এখন দেখার, আগামী ৯ মে সরকার গঠনের পর কবে নাগাদ এই বেতন কমিশন গঠিত হয়।