রেলের তৎপরতায় ভোল বদলে গেল শিয়ালদা স্টেশনের, সুবিধা যাত্রীদের

Published:

Hawkers were removed from Sealdah Railway station

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই আমজনতার স্বার্থে একে একে বদলাচ্ছে বাংলার চেহারা। এতদিন তৃণমূল ঘনিষ্ঠদের ইউনিয়নের দাদাগিরির কারণে শিয়ালদহ স্টেশনের (Sealdah Railway Station) বিভিন্ন প্লাটফর্মে কার্যত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছিল একের পর এক হকার। এতদিন শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলিকে হকার মুক্ত করার উদ্যোগ নিলেও তাতে লাভ হয়নি। তবে সরকার বদল হতেই অবশেষে শিয়ালদহ 1 নম্বর থেকে 21 নম্বর প্ল্যাটফর্মে সাধারণ মানুষের চলাচলের স্বার্থে সমস্ত হকার তুলে দিল শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষ।

হকারমুক্ত হতেই শিয়ালদহ স্টেশনের বদলে গেল চেহারা

জানা যাচ্ছে, রাজ্য সরকারের সহযোগিতায় শিয়ালদহের শুরু থেকে শেষ অর্থাৎ প্রতিটি প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় 200 থেকে 250 বা তারও বেশি হকারদের সরিয়ে প্ল্যাটফর্মগুলিকে হকার মুক্ত করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এমনিতেই ব্যস্ত স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়েই প্রায় 9 লাখযাত্রী যাতায়াত করেন। লোকাল থেকে শুরু করে প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে প্রতিদিন প্রায় 1591টি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। ফলে ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের চারিপাশে গজিয়ে ওঠা হকারদের কারণে যাতায়াতে বারবার সমস্যায় পড়তেন যাত্রীরা। আপাতত এদের উঠিয়ে দেওয়ায় যাত্রীদের যেমন শান্তি ফিরেছে, তেমনই স্টেশনেরও ভোল বদলে গিয়েছে।

শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষের দাবি, দিনের পর দিন ধরে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে কার্যত দাদাগিরি চালাচ্ছিল হকাররা। সময়ের সাথে সাথে স্টেশনে হকারের সংখ্যাও বাড়ছিল লাফিয়ে। তৃণমূলের ইউনিয়নগুলির কারণে এতদিন হকারদের সরানো যায়নি।। তবে রাজ্যে পালাবদল হতেই শিয়ালদহ স্টেশনের প্লাটফর্মগুলিকে হকার মুক্ত করল শিয়ালদহ ডিভিশন।

অবশ্যই পড়ুন: রেলের তৎপরতায় ভোল বদলে গেল শিয়ালদা স্টেশনের, সুবিধা যাত্রীদের

শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে নয় বরং আগে থেকেই স্টেশনের হকারদের নোটিস দেওয়া হয়েছিল। তাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল রেলের তরফে। এই সময়ের মধ্যে অনেকেই নিজেদের তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছিলেন। তবে যাঁরা নোটিস পাওয়ার পরেও সরেননি রবিবার সেইসব হকারদের সরিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। একই সাথে সেইসব হকারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।