বিনামূল্যে দিঘা, দার্জিলিং! দূরপাল্লার বাসে মহিলাদের ভ্রমণ ফ্রির ঘোষণা রাজ্য সরকারের

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় ফিরেই বিজেপি ঘোষণা করেছিল যে, সরকারি বাসে আগামী ১ জুন থেকে মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। কিন্তু দূরপাল্লার বাস অর্থাৎ দিঘা বা দার্জিলিংগামী বাসেও কি মহিলাদের টাকা লাগবে না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। এবার তাতেই শিলমোহর দিল রাজ্য সরকার (Government of West Bengal)। মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকের পর অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) স্পষ্ট জানালেন যে, দূরপাল্লা সরকারি বাসেও এবার মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি।

দূরপাল্লার বাসেও মহিলাদের দিতে হবে না টাকা

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এদিন রাজ্যের পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে, মহিলাদের আগামী ১ জুন থেকে দূরপাল্লার সরকারি বাসে কোনও ভাড়া দিতে হবে না। অর্থাৎ লোকাল বা দূরপাল্লা, কোনও বাসেই গুনতে হবে না ভাড়া। এতে মহিলারা যে বিরাট উপকৃত হবে তা বলার অপেক্ষায় রাখে না।

প্রসঙ্গত, নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩০০০ টাকা থেকে শুরু করে মহিলাদের সরকারি বাসে ভ্রমণ ফ্রি কিংবা বেকারদের ভাতা, অনেক কিছুই ছিল। এবার ক্ষমতায় ফিরে একে একে তা পূরণ করছে সরকার। ইতিমধ্যে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এমনকি লক্ষীর ভাণ্ডার যারা পায়, তাঁদের অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা ঢুকবে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর জন্য আলাদা কোনও আবেদন করতে হবে না।

আরও পড়ুন: জুন থেকেই যুবশক্তি ভরসা কার্ডে বেকারদের ৩০০০ টাকা! কীভাবে আবেদন করবেন?

তবে বাসের ভাড়া ফ্রি করে দেওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত সত্যিই ভালো। এতে মহিলারা উপকৃত হবেন। কিন্তু বিরোধীরা কটাক্ষ করছেন। তাদের দাবি, রাজ্যে এখনও পর্যন্ত সরকারি বাস পর্যাপ্ত পরিমাণ নেই। তাই আগে সরকার বাস বাড়ানোর উদ্যোগ নিক। তারপরেই ভাড়া মুকুব করা বুদ্ধিমানের কাজ। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।