পুননির্বাচনের আগে হাইকোর্টে ফলতার ‘পুষ্পা’, রক্ষাকবচের দাবি জাহাঙ্গীর খানের

Published:

Jahangir Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: ২১ তারিখ পুননির্বাচন ফলতায় (Falta)। তার আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূল প্রার্থী তথা ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান (Jahangir Khan)। দাবি রক্ষাকবচের। পুননির্বাচনের আগে গ্রেফতারির আশঙ্কা করছেন তৃণমূল প্রার্থী। এমনকি তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ তাঁর। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে রক্ষাকবচ দেওয়ার আর্জির মামলায় দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি।

হাইকোর্টের দ্বারস্থ ফলতার ‘পুষ্পা’

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন ছিল ফলতায়। তবে সেখানে ইভিএমে বিভিন্নরকম কারচুপির অভিযোগ সামনে আসে। আর অভিযোগ পাওয়া মাত্রই নির্বাচন কমিশন নড়েচড়ে বসে, এবং এই বিধানসভা কেন্দ্রের ২৬৫ টি বুথেই পুননির্বাচন ঘোষণা করে। সেই সূত্রে আগামী ২১ মে এখানে পুনরায় ভোট গ্রহণ হবে, এবং ২৪ মে হবে ফলপ্রকাশ। তবে তার আগে নিজেকে সুরক্ষিত রাখার জন্য রক্ষাকবচের আর্জি জানিয়েছেন জাহাঙ্গীর খান। আজ দুপুর দু’টোয় এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূল প্রার্থীর দাবি, নির্বাচনের আগে তাঁকে প্রচার থেকে দূরে রাখার জন্য বিরোধী শিবির আইনি জটিলতা সৃষ্টি করছে। এমনকি তাঁর নামে বিভিন্ন মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। সেই কারণেই তিনি নির্বাচনের আগে সুরক্ষার জন্য আদালতে এসেছেন।

আরও পড়ুন: রেকর্ড পতন, ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ঠেকল ভারতীয় রুপি

উল্লেখ্য, ফলতা এমনিতেই রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ কেন্দ্র। অভিযোগ ছিল, এখানে জাহাঙ্গীর খান নাকি ভোটারদেরকে ভয় দেখাত। এমনকি হুমকি, হুঁশিয়ারিও দিত। সেই কারণে এলাকার পরিস্থিতির উপর নজর রাখার জন্য নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের সিংঘম খ্যাত অজয় পাল শর্মাকে এখানে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল। এমনকি জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়েও হুশিয়ারি দিয়ে এসেছিলেন তিনি। তবে পাল্টা নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করেন জাহাঙ্গীর খান। এদিকে খবর পাওয়া যাচ্ছিল, ভোটের ফল প্রকাশের পর নাকি বেপাত্তা তৃণমূল প্রার্থী। কলকাতার কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। তবে ভোটের আগে ফের হাইকোর্টের দ্বারস্থ জাহাঙ্গীর।