নির্দোষ শতদ্রু, অরূপের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা পুলিশকে চিঠি মেসির দলের!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকালটা মেসি (Lionel Messi) ভক্তদের জন্য অত্যন্ত শুভ সে কথা বলার অপেক্ষা রাখে না। আলজেরিয়ার বিরুদ্ধে নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফুটবলের রাজপুত্র। তাতেই জয় পেয়েছে গোটা আর্জেন্টিনা দল। আর এই ম্যাচের পর থেকেই লিওনেল মেসি রয়েছেন চর্চায়। আর থাকবেন নাই বা কেন, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে একগুচ্ছ নতুন রেকর্ড গড়েছেন তিনি। ঠিক সেই আবহে, উঠে এল বড় খবর। শোনা যাচ্ছে, কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে মেসির নিজস্ব দল। সেখানে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলা হয়েছে বিস্ফোরক সব অভিযোগ।

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেসির দলের!

বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার কলকাতা পুলিশের সিপিকে নাকি একটি চিঠি দিয়েছে লিওনেল মেসির দল। সেই চিঠিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলা হয়েছে অভিযোগ। সেখানে বলা হয়েছে, গত ডিসেম্বরে মেসি কলকাতায় আসার পর ইভেন্ট চলাকালীন তাঁকে বারবার ছোঁয়া হয়েছে। শুধু তাই নয়, আর্জেন্টাইন ফুটবলারের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই পর্যাপ্ত ছিল না। যা নিয়ে অত্যন্ত অখুশি আর্জেন্টিনা।

একই সাথে ওই চিঠিতে, রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করার পাশাপাশি মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্তকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেসির নিরাপত্তা বিঘ্ন হওয়ায় কোনও হাত নেই শতদ্রু দত্ত এবং তাঁর দলের। এমন খবর প্রকাশ্যে আসতেই পিলে চমকাচ্ছে অরূপ বিশ্বাস ঘনিষ্ঠদের!

অবশ্যই পড়ুন: ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি লিওনেল মেসির, এক ম্যাচেই গড়লেন ৭ রেকর্ড

উল্লেখ্য, কিছুদিন আগেই মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে ভৎসনা করলেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন শতদ্রু।