সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের হেঁসেল এবং জলখাবারে বিরাট ধাক্কা। অগ্নিমূল্য বাজারে দাম বাড়ল পাউরুটির (Bread Price Hike)। প্রস্তুতকারক সংস্থাগুলি দাবি, শুধুমাত্র আটা বা ময়দা নয়, বরং পাউরুটি তৈরি থেকে শুরু করে তা উপভোক্তার বাড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপের খরচ এবার আকাশছোঁয়া। যার কারণে বাধ্য হয়ে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে হচ্ছে। গত ১৬ মে মডার্ন ব্রেড তাদের সাধারণ পাউরুটি ভেরিয়েন্টগুলোর দাম অনেকটাই বাড়িয়েছে। আর বাজার বিশেষজ্ঞদের ধারণা, ব্রিটানিয়া বা উইবসের মতো অন্যান্য বড় বড় ব্র্যান্ডগুলোও খুব শীঘ্রই তাদের দাম বাড়াবে।
কেন হঠাৎ করে বাড়ল পাউরুটির দাম?
আসলে ব্যবসায়ী এবং পরিবেশকদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এক সপ্তাহের মধ্যেই দেশে দু’বার করে জ্বালানির দাম বেড়েছে। আর পেট্রোল-ডিজেলের দাম লিটারে প্রায় ৪ টাকা বাড়ার কারণে পরিবহন খরচ অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, পাউরুটি সেঁকার জন্য যে বাণিজ্যিক এলপিজি গ্যাস দরকার পড়ে, তার দাম প্রায় ৩০০০ টাকা টপকে গিয়েছে। পাশাপাশি নুন বা অন্যান্য উপাদানগুলির দামও এখন চড়া। আর ভারতে পাউরুটি প্যাক করার প্লাস্টিকের কাঁচামালের একটা বৃহৎ অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে খরচ বেড়েছে। আবার অন্যদিকে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কমার জন্য প্লাস্টিক এ দেশে আসছে না।
তবে পাউরুটির দাম বাড়ার ঠিক কয়েকদিন আগেই আমুল বা গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন গোটা দেশজুড়ে দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়ে দিয়েছিল। এর পাশাপাশি দিল্লি ও মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে সিএনজির দাম অনেকটাই বেড়েছে। এমনকি কলকাতাতেও সিএনজির দাম আকাশছোঁয়া। ফলত ডেলিভারি ভ্যান বা যাতায়াতের খরচ দ্বিগুণ হওয়ার কারণে মধ্যবিত্তদের হেঁসেলের উপরেই চাপ পড়ছে।
আরও পড়ুন: “রাষ্ট্রের কাজ ধর্ম পোষা নয়” বাংলায় ধর্মীয় ভাতা বন্ধের সিদ্ধান্তে সায় তসলিমা নাসরিনের
তবে যে জিনিসগুলি রোজ কিনতে হয় তার দাম সামান্য বাড়লে যে মধ্যবিত্তের পকেটে বিরাট টান ফেলে তা বলার অপেক্ষা রাখে না। সকালের জলখাবার থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের টিফিন, সব জায়গাতেই এবার খরচ একলাফে বাড়বে। পাশাপাশি বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, জ্বালানি এবং প্যাকেজিং এর খরচ যদি এরকম ঊর্ধ্বগতি থাকে, তাহলে আগামী দিন বিস্কুট থেকে শুরু করে অন্যান্য প্যাকেটজাত খাবারের দাম অনেকটাই বাড়তে পারে।










