হাতে আর তিন মাস! সিভিকদের নিয়ে বড় নির্দেশিকা, চাকরি যাবে কাদের?

Published:

Civic Volunteer

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রশাসনের নজরে এবার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)! এবার তাঁদের নিয়োগ নিয়ে শুরু হতে চলেছে ঝাড়াই বাছাই (West Bengal Civic Volunteer Verification) পর্ব। বড় নির্দেশ এল স্বরাষ্ট্র দপ্তরের তরফে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগে নাকি অনেক কারচুপি রয়েছে, এমনকি অনেকে টাকা দিয়েও ঢুকেছে কাজে এবার সেগুলির সত্যতা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র দফতর সময়সীমা বেঁধে দিল। জারি করা হল নতুন নির্দেশিকা।

স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা

সোমবার, সিভিক ভলান্টিয়র নিয়ে বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছিলেন যে, “ সিভিকে এবার ঝাড়াই বাছাই হবে। কারণ তাতে প্রচুর জল মিশে রয়েছে।” আর এবার সেটাই হতে চলেছে। স্বরাষ্ট্র দফতরের তরফে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে জারি হল বিশেষ নির্দেশিকা। জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের সময় নির্ধারিত নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনও রাজনৈতিক সুপারিশ কাজ করেছে কি না, সেই বিষয়েও তদন্ত হবে। এমনকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও যদি কাউকে নিয়োগ বা বদলি করা হয় তাহলে তাও যাচাই করা হবে।

কী বলছেন অগ্নিমিত্রা পাল?

জানা গিয়েছে, সিভিকদের ঝাড়াই বাছাই করতে হবে ৯০ দিনের মধ্যে। শুধু নিয়োগ প্রক্রিয়াই নয়, গত দুই বছরে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়রদের কাজের রেকর্ডও খতিয়ে দেখা হবে। তাঁদের উপস্থিতি, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান মূল্যায়ন করা হবে বলে জানা গিয়েছে। আর তাতেই এবার ঘাবড়ে গেল সিভিক ভলান্টিয়াররা। এদিকে স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “এই বিষয়গুলো খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে বহু সিভিক ভলান্টিয়র রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন। তাঁদের যোগ্যতা, কাজের দক্ষতা কিংবা শারীরিক সক্ষমতা যাচাই করে নিয়োগ করা হয়নি। এবার সেগুলি প্রমাণিত হবে।” অগ্নিমিত্রা পালের এই মন্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, যাদের নিয়োগে অনিয়ম হয়েছে। তাদের চাকরি নিয়ে টানাটানি পড়বে!

আরও পড়ুন: ‘রাতভর কেঁদেছিলাম, পাশে ছিল শুভেন্দু’ মুখ্যমন্ত্রীকে নিয়ে মহুয়ার ভিডিও ভাইরাল

অগ্নিমিত্রা পাল আরও জানান, “নিয়োগ করা লোকগুলো কিন্তু দফতরে আসেও না। মাঝেমধ্যে মোটর সাইকেল নিয়ে আসে, আড্ডা মারে, চলে যায়। ৭ দিন আগে থেকেই নাকি তারা সই করে দেয়। টাকাগুলো তো আমাদের, পাবলিকের। এখন চলবে না ওসব। বিট সিস্টেমে লোক নিতে হবে, আমরা নোটিস দিয়ে দিয়েছি। এক্সট্রা লোক রাখা যাবে না।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তরের নতুন এই নির্দেশিকার ফলে আগামী কয়েক মাসের মধ্যেই সিভিক ভলান্টিয়রদের কর্মপদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।