৩০০ ছুঁই ছুঁই, LPG সঙ্কটের মাঝে বাড়ল চিকেনের দাম

Published:

Chicken Price Hike

প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশজুড়ে জ্বালানির হাহাকার দেখা দিয়েছে। রান্নার গ্যাস সংকট এখনও কাটেনি বেশ কয়েকটি জেলায়। আর এর মাঝেই সাধারণ মানুষের জন্য এল বড় দুঃসংবাদ। রান্নার গ্যাসের দামবৃদ্ধির (Cooking Gas) পর এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল মুরগির মাংসের দাম (Chicken Price Hike)। মাথায় হাত পড়ল মধ্যবিত্তদের।

বাড়ল মুরগির দাম

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। এর প্রভাব পড়ছে জীবনের প্রতিটি স্তরে। পর্যাপ্ত সিলিন্ডার না থাকায় ধুঁকছে হোটেল ও রেস্তরাঁগুলি। অনেক জায়গায় পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম। এই অবস্থায় চিকেনের দামও বেশ বেড়েছে। রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার মুরগির মাংসের দাম ২৫০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় কম বেশি প্রতিদিনই নাকি দাম বাড়ছে। গত এক সপ্তাহে কেজি প্রতি চিকেনের দাম ১৮০-১৯০ টাকা থেকে বাড়তে বাড়তে আড়াইশোর গণ্ডি ছাড়িয়েছিল। এই প্রসঙ্গে খামার মালিকরা জানাচ্ছেন বর্তমানে মুরগি উৎপাদন খরচ বেড়ে গিয়েছে অনেকটাই, তাই এইভাবে দাম বাড়ছে।

ব্রয়লার মুরগিদের ভ্যাকসিনের আকাল

বাজারে খাসির মাংস বা মাটনের দাম ক্রমেই বেড়ে চলেছে। তার উপর ব্রয়লার মুরগিও দামবৃদ্ধির কারণে নিম্নবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। রাজ্য পোলট্রি ফেডারেশনের বক্তব্য, ব্রয়লার মুরগিদের যে ভিটামিন এবং ভ্যাকসিন দেওয়া হয়, তা মূলত আসে বিদেশ থেকে। যুদ্ধের প্রভাবে তাতে ভাঁটা পড়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন-এর সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, ‘সারা দেশে চিকেনের দাম বেড়েছে। এ রাজ্যে গরম তেমন না পড়লেও, অন্যান্য রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তার ফলে মুরগির উৎপাদন কমায় দাম বাড়ছে।” তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই দাম নাগালে আসবে।

আরও পড়ুন: জাহান্নামে যাবে! রেড রোডে ঈদের মঞ্চে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেও কলকাতায় চিকেনের দাম কেজি প্রতি ৩০০ টাকা ছুঁয়েছিল। সে বার অবশ্য অতিরিক্ত গরমের জন্য মুরগির উৎপাদন কমে গিয়েছিল। কিন্তু ঈদের মরশুমে এইভাবে দাম বাড়ায় বেশ চিন্তায় পড়েছে সকলে। এদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে অটোর জ্বালানির দাম যে হারে বেড়েছে, তাতে কার্যত দিশেহারা অটোচালকরা। প্রথম দফায় বেড়েছিল কয়েক দিন আগে প্রতি লিটারে ৫ টাকা বেড়ে দাম হয়েছিল ৬২.৬৮ টাকা। আজ এক ধাক্কায় আরও ৮ টাকা বাড়ল দাম। বর্তমানে এলপিজির দাম লিটার প্রতি ৭০.৬৮ টাকা। এবার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলেছে অটোচালকেরা।

google button