টিকিট না পেয়ে একের পর এক বোমা ফাটালেন দিলীপ পত্নী! রিঙ্কুর নিশানায় কে?

Published:

Rinku Majumder

প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একে একে সকল রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। কিছুদিন আগেই বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (BJP  Candidates) ঘোষণা করেছে, কিন্তু শত অনুরোধ করার পরেও টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। নাম না করে বেনজির আক্রমন শুভেন্দু অধিকারীকে।

ভোটের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। ইচ্ছে ছিল রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হবেন, সেই কারণে নিজের বায়োডাটাও জমা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় ওই কেন্দ্রে পীযূষ কানোরিয়াকে প্রার্থী করেছে বিজেপি। এমনকি ঘোষিত ২৫৫ আসনের কোথাও প্রার্থী করা হয়নি তাঁকে। আর তাতেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করলেন রিঙ্কু মজুমদার। তাঁর দাবি রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে, তাঁরা সকলেই নাকি আর্থিক দুর্নীতি-সহ একাধিক কাজে যুক্ত।

প্রার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিঙ্কুর

গতকাল অর্থাৎ শুক্রবার বিধাননগরে বিজেপির দফতরে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দেখা করেন রিঙ্কু মজুমদার। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে জানান যে, ”রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে, তাঁরা আর্থিক দুর্নীতি-সহ একাধিক কুকাজে যুক্ত। আমি সুনীল বনশালজিকে একথা জানিয়েছি। জানি না, কেন এঁদের প্রার্থী করল, কিন্তু দলের এসব লোকজনের আসল পরিচয় শীর্ষ নেতাদের জানানো আমার কর্তব্য।” অন্যদিকে টিকিট না পাওয়ায় নিয়ে আক্ষেপ করে জানান, ” সুনীল বনশাল মুখে যা-ই বলুন, আমাকে টিকিট দেবে না। তাহলে এতক্ষণে প্রার্থী বদলে দিত। তাহলে এতগুলো বছর ধরে কোন দল করলাম, কাদের জন্য করলাম?”

আরও পড়ুন: ৭ নতুন জেলা, ২৫ মডেল শহর! তালিকায় আপনার এলাকা আছে? জানুন

রিঙ্কু মজুমদার ক্ষোভের সুরে সাংবাদিকদের জানান, “কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যুক্তি দিয়েছিলেন একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী করা যাবে না। কিন্তু অধিকারী পরিবার, সিংহ পরিবারের একাধিক ব্যক্তি টিকিট পেয়েছেন। যদি এটা লজিক হয়, তাহলে সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।“ এখানে অধিকারী পরিবার বলতে শুভেন্দু অধিকারী এবং সিংহ পরিবার বলতে অর্জুন সিংয়ের কথা বলতে চেয়েছেন দিলীপ-পত্নী। সবশেষে অভিমানের সুরে বলেন, “নতুনদের সুযোগ দেওয়া উচিত। যাঁরা হারছে তাঁদেরকেই বারবার কেন টিকিট দেওয়া হচ্ছে। এটা আমার প্রশ্ন।“ উল্লেখ্য দিলীপ ঘোষকে এবার তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে বিজেপি।

google button