বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের অশান্ত জম্মু ও কাশ্মীর সীমান্ত (Pakistan Attacks Indian Aircraft)। জানা যাচ্ছে, আন্তর্জাতিক সীমারেখা বরাবর ভারতীয় রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট এ গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। সূত্রের খবর, ভারতীয় সেনার উদ্যোগে ওই বিমানটি বিশেষ মহড়ায় অংশ নিয়েছিল। নজরদারি চালাচ্ছিল সীমান্তবর্তী অঞ্চলে। ঠিক সেই সময় বিমানটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনাবাহিনীর জওয়ানরা। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। কিন্তু ঠিক কোন কারণে ভারতীয় বিমান লক্ষ্য করে গুলি চালালো পাকিস্তান?
কোনও ক্ষয়ক্ষতি হয়নি
রিপাবলিক ওয়ার্ল্ড এর রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে জম্মুর কানাচক সেক্টরে আন্তর্জাতিক সীমারেখা বরাবর নিয়মিত নজরদারির কাজ করছিল ভারতীয় বিমান বা আরপিএ। ঠিক সেই সময় পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে 5 রাউন্ড গুলি চালানো হয়। ভারতীয় বিমানটিকে লক্ষ্য করে পাকিস্তানের খেরি চৌকি থেকে চার রাউন্ড এবং আসলাম চৌকি থেকে এক রাউন্ড গুলি চলে। যদিও রিপোর্ট অনুযায়ী, আরপিএ সীমান্তে নজরদারীর কাজ সেড়ে নিরাপদে ফিরে এসেছিল। এক কথায়, পাকিস্তান গুলি ছুঁড়লেও তাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি ভারতীয় বিমানটির।
এ প্রসঙ্গে ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য সময়ের মতো গতকাল রাতেও সীমান্তে নজরদারির কাজ করছিল বিমানটি। ঠিক সেই সময় বিমানটিকে উদ্দেশ্য করে গুলি চালায় পাকিস্তানের সেনারা। তবে তাতে বিমানটির কোনও ক্ষতি হয়নি। এদিকে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক বেড়েছে জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী এলাকাগুলিতে।
অবশ্যই পড়ুন: KKR-র ভঙ্গুর বোলিং বিভাগকে দাঁড় করাতে কবে আসবেন ১৮ কোটির পেসার? বড় খবর
প্রসঙ্গত, জম্মুর ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নজরদারি চালানো ওই বিমানটি ভারতীয় স্থল বাহিনী নাকি বায়ুসেনা পরিচালনা করছিল তা জানা যায়নি। একই সাথে ঠিক কোন কারণে পাকিস্তানের তরফে গুলি ছোড়া হল তাও জানা যায়নি। তবে এই ঘটনার পর সীমান্তে সংঘাতের আশঙ্কা করছেন কেউ কেউ।












