ককরোচ জনতা পার্টির উপরে গভীর সঙ্কট! বিপদ নিয়ে মুখ খুললেন অভিজিৎ দীপক

Published:

Cockroach Janta Party

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ করে দেওয়া হল বহু আলোচিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির X ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Cockroach Janta Party)। বুধবার থেকেই এই বিশেষ রাজনৈতিক দলটির X হ্যান্ডেলে গেলেই নেটিজেনদের সামনে লেখা আসছে, অ্যাকাউন্ট উইথহেন্ড ইন ইন্ডিয়া। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছেন ককরোচ জনতা পার্টির স্রষ্টা অভিজিৎ দীপক। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানিয়েছেন, তাঁর রাজনৈতিক সংগঠনের অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছে।

কেন তৈরি করা হয় ককরোচ জনতা পার্টি?

অনেকেই হয়তো জানেন না, সম্প্রতি দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটদের পদমর্যাদা নিয়ে করা এক মামলার শুনানি চলাকালীন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের ককরোচ বা আরশোলার সাথে তুলনা করেছিলেন। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকারদের প্যারাসাইট বা পরজীবী বলেও উল্লেখ করেন। জানা যায়, এই ক্ষোভ থেকেই অনলাইনে ককরোচ জনতা পার্টি নামক একটি অ্যাকাউন্ট খুলে ফেলেন লেখাপড়ার সূত্রে আমেরিকায় থাকা ভারতীয় ছাত্র অভিজিৎ দীপক।

অভিজিৎ প্রথমে মজার ছলে একটি পোস্ট করেছিলেন। এরপর বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে গুগল ফর্ম ও সমাজমাধ্যমে প্রচারের মধ্যে দিয়ে নিজের দল ককরোচ জনতা পার্টি তৈরি করে ফেলেন তিনি। মজার বিষয়, কিছু ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় এই রাজনৈতিক সংগঠনটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, খুব অল্প সময়ের মধ্যেই ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স এর সংখ্যা 10 মিলিয়ন অর্থাৎ 100 কোটি ছাড়িয়ে যায়।

 

অবশ্যই পড়ুন: পাক-তুরস্কের শত্রুকে শক্তিশালী করতে প্রযুক্তি হস্তান্তর! আর্মেনিয়ার সাথে চুক্তির পথে ভারত

ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের আশঙ্কা!

প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির স্রষ্টা অভিজিৎ দীপক আজ অর্থাৎ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে ইনস্টাগ্রামের তরফ থেকে আসা একটি মেসেজের স্ক্রিনশট আপলোড করেছেন। যেখানে লেখা ছিল, “হাই অভিজিৎ দীপক, শুনে দুঃখিত যে আপনি ইনস্টাগ্রামে লগইন করতে পারছেন না। আমরা একটি বার্তা পেয়েছি, আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। এই প্রচেষ্টা যদি আপনার দ্বারা করা হয়ে থাকে তাহলে আপনি এখনই আপনার অ্যাকাউন্টটিতে পুনরায় প্রবেশ করতে পারবেন অথবা আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।” এমন পোস্ট আপলোড করে অভিজিৎ লিখেছেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে।