অনন্যা সরকার, কোচবিহার: এসআইএর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা (Voter List) থেকে বাদ পড়া ব্যক্তিরা পাবেন না রেশনের (Ration) সুবিধা, তা আগেই জানিয়েছিল রাজ্যের নবনির্বাচিত সরকার। সেইমতো ডিলিটেড ভোটারের নাম রেশন কার্ডের (Ration Card) তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে খাদ্য দফতর (Food Department)। এবার কোচবিহার (Cooch Behar) জেলায় ভোটার তালিকার সাথে রেশন ডেটাবেসের তথ্য মেলাতে গিয়ে রীতিমতো অবাক আধিকারিকেরা। ভোটার লিস্টে নাম আছে অথচ রেশন কার্ড নেই প্রায় ৬২ হাজার ভোটারের। এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে খাদ্য দফতর।
রেশন তালিকা যাচাই করতে গিয়ে সামনে এল তথ্য
কোচবিহারের জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন ( (Special Intensive Revision) প্রক্রিয়ায় জেলার প্রায় ১ লক্ষ ২২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া বিচারাধীন আছেন ১ লক্ষের কাছাকাছি মানুষ, তাদের নামও মূল তালিকা থেকে সরানো হয়েছে। এই নাম বাদ যাওয়া ভোটারদের মধ্যে ১ লক্ষ ৯৮ হাজার জনের একটি তালিকা সরকারি নির্দেশিকা মেনে খাদ্য দফতরে পাঠিয়েছে জেলা প্রশাসন।
ইতিমধ্যেই খাদ্য দফতর এই তালিকার ১ লক্ষ ২০ হাজার জনের নাম রেশন ডেটাবেসের সাথে মিলিয়ে দেখেছে। আর এই যাচাই-করণের প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে এর মধ্যে প্রায় ৬২ হাজার জনের নামে কোনো রেশন কার্ডই নেই। অথচ তারা এতদিন ভোটার পরিচয়পত্র নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন।
রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, পাকাপাকিভাবে বাদ যাওয়া ভোটারদের রেশন কার্ড বাতিল করতে হবে। তারা আর সরকারি রেশন ব্যবস্থার কোনো সুবুধা পাবেন না। তবে ট্রাইব্যুনালে মামলা চলা বিচারাধীন ব্যক্তিদের নাম এখনই রেশন ডেটাবেস থেকে বাদ পড়বে না। কোচবিহার জেলের প্রায় ১২ হাজার মানুষ ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাই তারা রেশন সুবিধা থেকে এখনই বঞ্চিত হচ্ছেন না। জেলা প্রশাসনের পাঠানো ১ লক্ষ ৯৮ হাজারের তালিকা থেকে এখনও ৭৮ হাজার জনের নাম মিলিয়ে দেখা বাকি আছে। খাদ্য দফতর জানিয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কাজটি সম্পূর্ণ হবে।
আরও পড়ুনঃ নতুন করে দুর্যোগ দক্ষিণবঙ্গে, ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া
তবে, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন ৬২ হাজার মানুষের রেশন কার্ড নেই, তা সরকারি মহলে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। যেহেতু কোচবিহার একটি সীমান্তবর্তী জেলা, তা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে জেলা প্রশাসন। খাদ্য দফতরের তরফে অনুমান করা হচ্ছে, ডিলিট হওয়া নামগুলির একটা বড় অংশ মৃত ভোটার, তাই নিয়ম মতোই তারা রেশনের সুবিধা থেকে বাদ পড়েছেন। এছাড়া, অনেক পরিযায়ী শ্রমিকদের নাম ভোটার লিস্টে থাকলেও, তারা রেশন কার্ড তৈরি করেননি। এই সমস্ত কারণে ওই ৬২ হাজার জন রেশন ডেটাবেসের বাইরে থাকতে পারে। কিন্তু অনুপ্রবেশের বিষয়টিও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আধিকারিকদের একাংশ মনে করছেন, সীমান্তবর্তী কোচবিহারে অনুপ্রবেশকারীরা যেকোনোভাবে হোক ভোটার লিস্টে নিজেদের নাম তুলে নিতে পারলেও, তাদের পক্ষে হয়তো রেশন কার্ড তৈরি করা সম্ভব হয়নি।










