২০২১ ভোট পরবর্তী হিংসায় উস্কানি! পরমব্রত, স্বস্তিকার বিরুদ্ধে আইনি অভিযোগ হইকোর্টের আইনজীবীর

Published:

Parambrata Chatterjee (2)

সৌভিক মুখার্জী, কলকাতা: টলিউডের প্রথম সারির দুই তারকা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী। ২০২১ এর ২ মে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন সমাজমাধ্যমে করা একটি টুইটকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে ভোট পরবর্তী রাজনৈতিক সহিংসায় উস্কানি আর প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন আইনজীবী জয়দেব সেন। এমনকি তিনি এই প্রেক্ষিতে মামলা করেছেন, এবং ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন।

পরমব্রত চট্টোপাধ্যায়ের বিতর্কিত পোস্ট

অভিযোগকারী আইনজীবী জয়দেব সেনের দাবি অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিকেল চারটের দিকে যখন নির্বাচনী ফলাফল স্পষ্ট হতে শুরু করে, তখন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন। আর সেই পোস্টে অভিনেতা লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” এমনকি পরবর্তী সময়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টটিকে সমর্থন জানিয়ে লেখেন, “হাহাহা হোক হোক!”

আইনজীবীর অভিযোগ, এমন এক সময় এই পোস্টটি করা হয় যখন গোটা রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ছিল। আর বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণ চলছিল। অভিযোগকারীর মতে, ওই দুই তারকা প্রভাবশালী ব্যক্তির মন্তব্য তৃণমূল কংগ্রেসের আশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদেরকে আরও উৎসাহিত করেছিল। অভিযোগ ওঠে, উক্ত টুইটটি পোস্ট হওয়ার প্রায় এক ঘণ্টা পরই বেলেঘাটায় অভিজিৎ সরকার নামে এক রাজনৈতিক কর্মীকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এমনকি রাজ্যজুড়ে ব্যাপক অগ্নিসংযোগ, শারীরিক আক্রমণ আর মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। যার পেছনে এই ধরনের প্ররোচনা কাজ করছে বলেই অভিযোগ করেন আইনজীবী।

আরও পড়ুন: মে মাসের বেতনের সঙ্গে মিলবে বকেয়া DA, সরকারি কর্মীদের জন্য সুখবর

জয়দেব সেন অভিযোগে স্পষ্ট করেন যে, পরমব্রত চট্টোপাধ্যায় আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই উস্কানি তৎকালীন সময়ে কার্যকর থাকা ভারতীয় দণ্ডবিধি ১৮৬০-এর ১০৭ ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধ। আরও উল্লেখ করার বিষয়, বর্তমানে আইন কাঠামোতে এই ধারাটি ভারতীয় ন্যায় সংহিতার ৪৭ ধারা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সেই ধারার উপর ভিত্তি করেই এবার তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।