সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৮ মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওপার বাংলায়। আর আজ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সভাপতি তারেক রহমান। হ্যাঁ, দীর্ঘ টালবাহানার পর নতুন সরকার গঠিত হবে আজ প্রতিবেশী দেশে। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু তিনি বাংলাদেশ ভ্রমণ করতে পারেননি। তাঁর জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু ঠিক কী কারণে প্রধানমন্ত্রী গেলেন না বাংলাদেশ?
এই কারণে বাংলাদেশে যেতে পারলেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশে যখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক তখনই ভারতে চলছে এআই ইম্প্যাক্ট সামিট। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামিটের উদ্বোধন করেছেন। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ আসছেন ভারত সফরে এবং তাঁর এই সফর তিন দিনের জন্য। তাঁর সঙ্গেই জরুরী বৈঠক নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সূত্রে আজ মুম্বাইতে থাকবেন তিনি। জানা যাচ্ছে, বিকাল ৩:১৫ মিনিটে মুম্বাই লোকভবনে ম্যাক্রো ম্যাক্রোঁর সঙ্গে তিনি সাক্ষাৎকার করবেন। বৈঠকে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। এরপর বিকেল ৫:১৫ মিনিটে তিনি ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬ উদ্বোধন করবেন। একই সাথে উভয় দেশের অংশীদার সমাবেশে ভাষণ দেবেন।
এদিকে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ দুপুরবেলা। ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের রাষ্ট্রপতি আজ বিকেল ৩:৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হিসাবে শপথ পাঠ করাবেন। আর সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল ৯:৩০ মিনিটে। রিপোর্ট মোতাবেক, বিএনপি বেশ কয়েকটি দেশের নেতাদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী মোদী উল্লেখযোগ্য। তবে ভারতের বিদেশ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুষ্ঠানে স্পিকারের উপস্থিতি ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের প্রতিফলন ঘটাবে আর ভারতের অঙ্গীকারকেও জোরদার করবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি
প্রসঙ্গত, ভারতের এআই ইম্প্যাক্ট সামিটে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন বলেই খবর। ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই শীর্ষ সম্মেলন যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর সেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাও থাকবেন বলেই খবর।












