এখনও কেস ডায়েরি দেয়নি রাজ্য সরকার! বেলডাঙার ঘটনা নিয়ে এবার হাইকোর্টে NIA

Published:

Murshidabad Beldanga Case
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির (Murshidabad Beldanga Case) ঘটনায় NIA-কে কেস ডায়েরি হস্তান্তর করছে না পুলিশ, কলকাতা হাইকোর্টে এমনই নালিশ জানাল সংস্থা। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এক নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে। জানা গিয়েছে, এর আগে বেলডাঙায় অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মুর্শিদাবাদ পুলিশকে ইমেলও পাঠানো হয়েছে। কিন্তু এরপরেও কেস ডায়েরি হস্তান্তরের বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ।

শিরোনামে ফের মুর্শিদাবাদে বেলডাঙার অশান্তি

উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে গত মাসে উত্তপ্ত হয় বেলডাঙা। ১৬ জানুয়ারি আলাউদ্দিনের দেহ ফেরে জেলায়। এর পরেই বিক্ষোভ শুরু করেন এলাকার লোকজনের একাংশ। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক আলাউদ্দিনকে পিটিয়ে মারার অভিযোগ তুলে শিয়ালদহ-লালগোলা শাখায় রেল ভাঙচুর, অগ্নি সংযোগ, জাতীয় সড়ক অবরোধ করা হয়। যদিও ঝাড়খণ্ড পুলিশের তরফে দাবি করা হয়, ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন। যদিও পরে বেলডাঙার ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়।

NIA-কে এখনও কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে। তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার চাইলে NIA-কে দিয়ে তদন্ত করাতে পারে। পরে স্বরাষ্ট্রমন্ত্রক NIA তদন্তের নির্দেশ দেয়। এদিকে বেলডাঙার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি NIA-র হাতে কেস ডায়েরি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতার নগর দায়রা আদালত। ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের কথা বলা হয়েছিল নিম্ন আদালতের তরফে। কিন্তু NIA-র আইনজীবী জানান, এখনও তাঁরা কেস ডায়েরি হাতে পাননি।

মামলার পরবর্তী শুনানি কবে?

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নতুন আবেদন করে রাজ্য সরকার। জানিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তথ্য তুলে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। তাদের দাবি, বিষয়টি যখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন, তখন নিম্ন আদালত কীভাবে তথ্য হস্তান্তরের নির্দেশ দিতে পারে? অন্যদিকে NIA-র যুক্তি, কেস ডায়েরি হস্তান্তরের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। এ দিন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। কারণ, এর আগে এই বেঞ্চেই মামলার শুনানি হয়েছিল। তাই মঙ্গলবারই শুনানি হবে।

আরও পড়ুন: ৪০ লক্ষ না ২০ কোটি? মালদার ১০০ দিনের কাজের দুর্নীতিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের বেলডাঙা মামলায় রাজ্যের মত গতকাল আদালতের দ্বারস্থ হয় NIA। তাঁদের দাবি রাজ্য পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা না মেলায় বেলডাঙার অভিযুক্তদের আনা সম্ভব হচ্ছে না। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার এই টানাপড়েনে মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে তথ্য হস্তান্তর নিয়ে আইনি প্রশ্ন, অন্যদিকে অভিযুক্তদের আদালতে পেশ করা নিয়ে প্রশাসনিক জট – সব মিলিয়ে নির্বাচনের আবহে বেলডাঙা মামলা নতুন করে রাজনৈতিক ও আইনি গুরুত্ব পাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now