প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় এসআইআর প্রক্রিয়ার মাঝেই বড় চমক রাজ্যে। বিধানসভা ভোট ঘোষণার আগেই এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Force In West Bengal) করল স্বরাষ্ট্র মন্ত্রক। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। জানা গিয়েছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানেই কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী এমনই খবর পাওয়া গিয়েছে।
রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে হাতে সময় খুব কম। তাই এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতিতে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে। এমতাবস্থায় আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। এদিকে নির্বাচনের আগেই রাজ্যে মোতায়েন করা হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আগামী ১ মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। ইতিমধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।


কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
রিপোর্ট মোতাবেক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি CRPF, ৫৫ কোম্পানি BSF, ২৭ কোম্পানি ITBP, ২৭ কোম্পানি SSB এবং ২১ কোম্পানি CISF অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। এরপর দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি। যার মধ্যে ১২০ কোম্পানি CRPF, ৬৫ কোম্পানি BSF, ২০ কোম্পানি ITBP, ১৯ কোম্পানি SSB এবং ১৬ কোম্পানি CISF। এছাড়াও রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনার জন্য রাজ্যকে অনুরোধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
আরও পড়ুন: দুই কন্যা, দুই পুত্র! মুর্শিদাবাদে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন গৃহবধূ
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপর। যদিও এই ব্যাপারে সিইও দফতর বঙ্গে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তাই তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। তবে এখনও সেই প্রস্তাবে কোনো মতামত দেননি নির্বাচন কমিশন। তবে আশা করা যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।












