বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন থাকার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি (IPL 2026 Schedule) তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যেই সম্প্রতি প্রথম পর্বের সূচি প্রকাশ করেছিল BCCI ও IPL এর গভর্নিং কমিটি। স্থগিত ছিল দ্বিতীয় পর্বের সূচি। এবার সেটিও প্রকাশ করে দিল দেশে ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI। চলুন দেখে নেওয়া যাক IPL এ KKR এর বাকি ম্যাচ কবে কবে?
IPL 2026 এ কবে কবে মাঠে নামছে KKR?
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত পূর্বের সূচি অনুযায়ী, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়ন RCB। এই ম্যাচের পরের দিন অর্থাৎ 29 মার্চ মুম্বইয়ের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ অনুষ্ঠিত হবে MI এর ঘরের মাঠ ওয়াংখেড়েতে।
এরপর আগামী 2 এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, 6 এপ্রিল পাঞ্জাব কিংস এবং 9 এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কলকাতা। প্রতিটি ম্যাচ হবে ইডেনে। এই পর্যন্ত প্রথম পর্বের সূচিতে উল্লিখিত ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সূচিতে জানানো হল, 14 এপ্রিল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রতিপক্ষ হবে ধোনির দল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের পর 17 তারিখ গুজরাতের বিপক্ষে খেলার কথা রয়েছে কলকাতার।
19 তারিখ ঘরের মাঠ ইডেনে রাজস্থানের বিরুদ্ধে খেলবে KKR। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এই ম্যাচে কলকাতার প্রতিপক্ষের লখনউ। এরপর কিছুদিনের বিরতি কাটিয়ে 3 মে হায়দরাবাদ, 8 মে দিল্লি ক্যাপিটালস, 13 মে বেঙ্গালুরু, 16 মে ঘরের মাঠে গুজরাত, 20 মে মুম্বই ও 24 মে দিল্লির বিরুদ্ধে নামবে KKR। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ঘরের মাঠেই খেলবে শাহরুখ খানের দল।
অবশ্যই পড়ুন: ধার করে ক্রিকেট শিখিয়েছেন বাবা, গরিব ট্রাকচালকের ছেলেকে কোটিপতি বানাল RCB
উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 13টি শহর মিলিয়ে 70টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ বছর IPL এ মোট 12 দিন দুটি করে ম্যাচ রয়েছে। এর মধ্যে একটি ম্যাচ অন্যান্য বছরের মতো দুপুর সাড়ে তিনটে এবং আরেকটি ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। এছাড়া অন্য যে দিনগুলিতে একটি করে ম্যাচ রয়েছে সেই ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটাতেই শুরু হওয়ার কথা।












