বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল জামানায় রাস্তা, জল, আলো সবদিকেই উন্নতি হয়েছে বলেই দাবি জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা (Mamata Banerjee)। যদিও বাস্তবের মাটিতে পা রাখলে দেখা যাবে, রাজ্যজুড়ে রাস্তাঘাট থেকে শুরু করে নানান ব্রিজ তৈরি হলেও সেসবের সাথে ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছে দুর্নীতি! কোটি কোটি টাকা খরচ করে তৈরি ব্রিজ বা রাস্তার পিচ উঠে যাচ্ছে, এমন উদাহরণ রয়েছে অহরহ। এবার তেমনই আরেক ঘটনার সাক্ষী থাকলেন রাজ্যবাসী। তৃণমূল আমলে একেবারে ঢেরা পিটিয়ে উদ্বোধন হওয়া জয়দেব সেতুর (Ajay Setu) বয়স এক বছর পূরণ হওয়ার আগেই বসে যাচ্ছে রাস্তা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের একাধিক অংশে রাস্তা ভেতরের দিকে ঢুকে গিয়েছে, উঠেছে পিচ। আর তাতেই প্রশ্নের মুখে 138 কোটি টাকার প্রকল্প।
এক বছর না হতেই বেহাল দশা জয়দেব সেতুর
পশ্চিম বর্ধমানের কাঁকসার বিৎবিহারী এবং বীরভূমের জয়দেবকে সংযোগকারী বিশেষ ব্রিজ তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবিকে মান্যতা দিয়েই 138 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল ওই ব্রিজ। গতবছর অর্থাৎ 2025 সালের 29 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অজয় নদের উপর তৈরি হওয়া জয়দেব সেতুর উদ্বোধন হয়। এবারের জুলাই মাসে এক বছর পূর্ণ হবে ওই সেতুর। তার আগেই ব্রিজের বিভিন্ন অংশে রাস্তা বসে যাওয়ার অভিযোগ তুলছেন স্থানীয়রা। কোথাও কোথাও উঠে গিয়েছে চলটা।
দুর্গাপুর থেকে বোলপুর এমনকি সিউড়ির যোগাযোগ ব্যবস্থাকে অনেকটাই সরল করেছে পূর্বতন সরকারের হাত ধরে তৈরি হওয়া অজয় ব্রিজ বা জয়দেব সেতু। কিন্তু তার বয়স এক বছর হওয়ার আগেই প্রকাশ্যে এলো ব্রিজটির কঙ্কালসার দশা। সদ্য প্রকাশ্যে আসা ওই ব্রিজের ছবিগুলিতে দেখা গিয়েছে, বিপুল অর্থ খরচ করে তৈরি ব্রিজের উপরের রাস্তার বিভিন্ন অংশে উঠে গিয়েছে পিচ। কোথাও আবার পিচের আস্তরণ সরিয়ে উঁকি মারছে মাটি।
অবশ্যই পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে তথ্য যাচাই, অযোগ্যদের বাতিলের নির্দেশ রাজ্য সরকারের
প্রসঙ্গত, জয়দেব সেতুর বেহাল দশা নিয়ে এবার তৃণমূলকে সরাসরি নিশানায় এনেছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তাঁর বক্তব্য, তিনি জানতে পেরেছেন 2025 এ উদ্বোধন হওয়া অজয় সেতু বা জয়দেব সেতুর বিভিন্ন অংশ ইতিমধ্যেই বসতে শুরু করেছে। এই ঘটনায় হতবাক তিনি। 138 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পের কাজ করা হয়েছে। যেই দপ্তরের ঠিকাদার সংস্থা কাজ করেছে তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হবে। একই সাথে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।










