বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার সিদ্ধান্ত বদলাতে পারেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) কোচ অস্কার ব্রুজো? বেশ কিছুদিন আগেই তিনি একেবারে সরকারিভাবে ঘোষণা করে দিয়েছিলেন, চলতি ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেলেই ইস্টবেঙ্গল ছেড়ে দেবেন। তবে ধীরে ধীরে এ মরসুমে লাল হলুদের সাফল্যের রাস্তা পরিষ্কার হতেই বোধহয় দলের প্রতি ভালোবাসা থেকে পুরনো সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন মশাল ব্রিগেডের হেডস্যার। আপাতত এমনটাই আশা লাল হলুদ ভক্তদের একাংশের।
ইস্টবেঙ্গলেই থেকে যাবেন অস্কার?
চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষদের নাকানি-চোবানি খাইয়েছে শহরের এই দল। সেই সূত্র ধরেই এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লাল হলুদ। শেষবারের মতো রবিবারের ডার্বিতে জয় খুঁজতে না পারলেও মোহনবাগানকে ক্ষমতা জাহির করতে দেয়নি ইস্টবেঙ্গল। তাতে 1-1 ড্র হলেও গোল পার্থক্যের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে মশাল বাহিনী। এমতাবস্থায়, আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জেতার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের হাতে। এই মুহূর্তে সেদিকেই মনোযোগ দিতে চাইছেন প্রধান কোচ অস্কার।
আসলে লাল হলুদের হেডস্যার চান, তিনি দল থেকে চলে যাওয়ার আগে ইস্টবেঙ্গলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করতে। যদিও লাল হলুদ ভক্তদের কেউ কেউ বলছেন, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে হয়তো অস্কারকে রেখে দিতে পারে ক্লাব। প্রধান কোচও দল এবং সমর্থকদের ভালবাসার টানে ইস্টবেঙ্গলে থেকে যেতে পারেন। তবে এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ISL নিয়ে থাকা অনিশ্চয়তা।
অবশ্যই পড়ুন: দেশে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে ঝুলে রইল ট্রেনের বগি
আসলে আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজন হবে কিনা, হলেও কীভাবে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, আদৌ ফেডারেশনের সাথে নতুন কোনও সংস্থা চুক্তিতে যাবে কিনা তা নিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর নেই। পরবর্তী সিজনের ISL নিয়ে কিছুই জানে না ক্লাবগুলিও। এমতাবস্থায়, ইস্টবেঙ্গল এবং অস্কার দুপক্ষের ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে আপাতত স্পষ্টভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে স্বস্তির খবর, পরের মরসুম থেকে ইস্টবেঙ্গলে থাকবেন না বলে সিদ্ধান্ত নিলেও শীর্ষ কর্তা দেবব্রত সরকার সহ বাকিদের তরফে পাওয়া চিঠিতে কিছুটা হলেও মন গলেছে স্প্যানিশ কোচের।










