সহেলি মিত্র, কলকাতাঃ সকলের মুখে এখন একটাই প্রশ্ন, কী গরম, কী গরম! কবে এরকম গরম আবহাওয়া থেকে মুক্তি মিলবে? কবেই বা বাংলায় বর্ষার (Wet season) আগমন ঘটবে? এখন এই প্রশ্ন সকলের। তবে চিন্তা নেই, কারণ বাংলায় কবে নাগাদ বর্ষার আগমন হবে, সে বিষয়ে বড় আপডেট সামনে এল। জানানো হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে আপডেট। দিনে গরম রাতে স্বস্তি, মূলত এমনই আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকছেন বঙ্গবাসী। কবে থেকে অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু ঝেঁপে ঝড় বৃষ্টি আসবে, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকেই বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া। হতে পারে তুমুল ঝড় বৃষ্টি বলে খবর।
বাংলাজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ের প্রায় চার দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছে, যা ২০২৬ সালের বর্ষা মরসুমের আগাম সূচনা নির্দেশ করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৬ই মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি তৈরি করেছে, যা মৌসুমি বায়ুর গতি বাড়াতে সাহায্য করেছে। আইএমডি উল্লেখ করেছে যে, এই সিস্টেমের সঙ্গে যুক্ত শক্তিশালী বায়ুপ্রবাহ এবং আর্দ্রতার প্রবাহের ফলে বাংলাজুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর আজ থেকেই যার সূচনা হতে চলেছে বলে খবর।
আজ মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে। অন্যদিকে বাদবাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।
বাংলায় কবে ঢুকছে বর্ষা?
আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, আন্দামান সাগরের অধিকাংশ এলাকায়, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে,আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি রয়েছে। আর এই সকল সিস্টেমের ফলে বাংলাতেও আগাম বর্ষার আগমনের ইঙ্গিত মিলছে।
আরও পড়ুনঃ ‘মিথ্যে প্রতিশ্রুতি,’ DA, সপ্তম বেতন কমিশন নিয়ে বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা
বিভিন্ন আবহাওয়া অফিস জানাচ্ছে, নির্ধারিত সময়ে বাংলায় বর্ষা প্রবেশ করবে। প্রথমে উত্তরবঙ্গ এবং পরে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। অর্থাৎ ১০ থেকে ১২ জুনের আগে বঙ্গে বর্ষার প্রবেশের ইঙ্গিত নেই। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। ভিজবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ।










