চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল, কীভাবে আবেদন করবেন?

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিশ্রুতি মতোই হল কাজ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়ে দিয়েছিলেন যে, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আর কাল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু যারা লক্ষীর ভাণ্ডার পেতেন না, তারা নতুন করে আবেদন করতে পারবেন এবং তার জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতোই আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন পোর্টাল।

চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি। আগামী ১ জুন থেকেই মহিলাদের নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে পৌঁছবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। তবে এমন অনেকেই রয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান না কিংবা বয়সের জন্য এতদিন পেতেন না, কিন্তু এবার অন্নপূর্ণ ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে তারা অনলাইনের মাধ্যমেই আবেদন সেরে নিতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু করা হয়েছে। কিন্তু রাজ্যবাসীকে এই মুহূর্তে আবেদন করতে গিয়ে কিছু সমস্যা পোহাতে হচ্ছে।

যারা নতুন করে আবেদন করবেন বলে ভাবছেন এবং নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে চাইছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখান থেকেই নতুন আবেদন করা যাবে। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই পোর্টাল থেকেই। তবে যেহেতু নতুন পোর্টাল চালু হয়েছে, তাই কিছু যান্ত্রিক ত্রুটি থেকে যাচ্ছে। প্রথমত, সেখানে নতুন করে রেজিস্টারের কোনও অপশন দেখা যাচ্ছে না। শুধুমাত্র লগইনের অপশন রয়েছে। আর বাঁদিকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখা রয়েছে। তবে আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই যান্ত্রিক ত্রুটি মিটে যাবে।

আরও পড়ুন: কিছুক্ষণেই কালবৈশাখীর সঙ্গে ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

যারা নতুন করে আবেদন করবেন, তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বলেই মনে করা হচ্ছে। রেজিস্ট্রেশন করার জন্য নিজের মোবাইল নম্বর এবং আধার কার্ডের নম্বর হয়তো লাগতে পারে। তারপর সেই মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, নিজের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি আপলোড করতে হতে পারে। তারপর উপরমহলের আধিকারিকরা তা যাচাই করে অ্যাপ্রুভ করবেন, এবং প্রতিমাসে অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ ঢুকবে।