বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও বাদ পড়েন তিনি। এবার সেই হর্ষিত রানাই (Harshit Rana) পা রাখলেন শহর কলকাতায়। তাও আবার ঠিক পাঞ্জাব ম্যাচের আগেই। আচমকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়া নাইট তারকার শহরে আগমন ঘিরে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি এই জোরে বোলারকে নিয়ে নতুন কিছু পরিকল্পনা করছে শাহরুখ খানের দল?
রানাকে নিয়ে বড় কিছু পরিকল্পনা করছে KKR?
ভারতীয় তারকার অবস্থা যা তাতে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলাটা তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু তাও হঠাৎ শহরে কেন এলেন রানা? সোমবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেটারের ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দলের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, খেলতে নয় বরং দলকে সমর্থন করতেই শহরে এসেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
এক কথায়, স্টেডিয়ামে বসে নিজের দলকে সমর্থন করবেন রানা। KKR পরিবারের সাথে সময় কাটাতে এবং অন্যান্য প্লেয়ারদের সাথে মুহূর্ত ভাগ করে নিতেই ইডেন গার্ডেন্সে হাজির হয়েছেন গম্ভীরের প্রিয় পাত্র। কাজেই তিনি যে এবারের IPL এ খেলছেন না সে কথা একেবারে জলের মতো পরিষ্কার। KKR ও জানিয়ে দিয়েছে, রানাকে নিয়ে তাঁদের আলাদা কোনও পরিকল্পনা নেই।
অবশ্যই পড়ুন: বাতাসে বিষ! দূষণে বিশ্বে দশম নদিয়ার বীরনগর, তালিকায় বাংলার আরও ৯ শহর
উল্লেখ্য, এইতো কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক করে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ অভিষেক নায়ার স্মরণ করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রানাকে। বলেছিলেন, “আমরা বড় ধাক্কা খেলাম। রানা গত দু’বছর ধরে দলের অবিচ্ছেদ্য অংশ। গতদিন গুলিতে ও ক্রিকেটে অনেক উন্নতি করেছে। ওকে আমরা মিস করব। ওর বদলি খুঁজে বের করা সহজ হবে না।”












