বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই ভাগ্য সাথ দিচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের (KKR On IPL Points Table)। প্রথম দুই ম্যাচে লজ্জার হারের পর আশা ছিল ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে পারবে KKR। সেই মতো মাঠে নেমেও চূড়ান্ত ব্যর্থতা দেখতে হচ্ছিল কলকাতাকে। যদিও শেষ পর্যন্ত ম্যাচে বাগড়া হয় বৃষ্টি। তাতে ভেস্তে যায় খেলা। আর সেই জোরেই IPL 2026 মরসুমের প্রথম পয়েন্ট পায় কলকাতা। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ায় দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, বর্তমানে পয়েন্ট তালিকার কোথায় রয়েছে শাহরুখ খানের দল?
IPL 2026 এর পয়েন্ট তালিকায় কোথায় KKR?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে শেষবারের মতো 14 বছর আগে 2012 সালের IPL এ একটানা পরপর দুই ম্যাচে হেরেছিল কলকাতা। এরপর সেই স্মৃতি ফিরল এবছর। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে বড় ব্যবধানে হারার পর সানরাইজার্স হায়দরাবাদের সামনেও গুঁড়িয়ে যায় নাইট ব্রিগেড। অনেকে ধরেই নিয়েছিলেন, সোমবার পাঞ্জাবের ম্যাচেও হেরে লজ্জার রেকর্ড করবে শহরের এই দল। যদিও ভাগ্যের জোরে ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পেল কলকাতা।
বলাই বাহুল্য, লাগাতার দুই ম্যাচে হার এবং তৃতীয় ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 8 নম্বরে রয়েছে KKR। এই মুহূর্তে অজিঙ্কা রাহানেদের নেট রান রেট -1.964। যা অত্যন্ত খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, কলকাতা যদি পরবর্তী ম্যাচ গুলিতে ভাগ্য ফেরাতে না পারে সেক্ষেত্রে হয়তো সবার আগেই IPL থেকে বিদায় নিতে হবে তাদের। তাতে তিনবারের চ্যাম্পিয়নদের খাতায় যোগ হবে নতুন লজ্জার রেকর্ড।
অবশ্যই পড়ুন: লাগবে না কনফার্ম টিকিট, হাওড়া-শিয়ালদা থেকে উত্তরবঙ্গর একাধিক ট্রেন দিল রেল
উল্লেখ্য, গতকাল ম্যাচ শুরুর আগে পর্যন্ত এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও গতকাল 1 পয়েন্ট পাওয়ায় এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। তিন ম্যাচের দুটিতে জিতে তাদের পয়েন্ট 5। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা RCB এই মুহূর্তে 4 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে।












