প্রীতি পোদ্দার, কলকাতা: পরিষ্কার ঘর (Home Cleaning Tips) থাকলে আপনাআপনি একটা পজিটিভ ভাইব ছড়িয়ে পড়ে সকলের মনে। কিন্তু শত পরিষ্কার করা হলেও বাড়ির আনাচে কানাচে টিকটিকির (Lizards) উপদ্রব যেন কিছুতেই কমানো যায় না। সরু ফাটলে কিংবা ঘুলঘুলির মধ্যে ঠিক লুকিয়ে থাকে এই সরীসৃপ প্রাণীগুলি। এদের দেখতে নির্বিষ মনে হলেও প্রাণীটি কিন্তু মোটেও নির্বিষ নয়। খাবারে একটিবার পড়লেই তা বিষাক্ত হয়ে যায়। গরম পড়লেই টিকটিকির আনাগোনা বেড়ে যায়। তাই এদের হাত থেকে নিস্তার (Get Rid Of Lizards) পাওয়ার জন্য আমাদের প্রতিবেদন আজ ৪টি ঘরোয়া টোটকা নিতে হাজির হয়েছে।
গরমে টিকটিকির ব্যাপক উপদ্রব
বাড়িতে পোকামাকড়ের উৎপাত বাড়লেই টিকটিকিও বেড়ে যায়। পোকা ধরতে টিকটিকিও যে কখন জানলা বা দরজার ফাঁক গলে বাড়িতে সেঁধিয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। তার পরেই শুরু হয় দৌড়োদৌড়ি। দেওয়াল জুড়ে তাদের রাজত্ব বেড়ে যায়। তাড়াতে তাড়াতে হাঁপিয়ে ওঠে সকলে। মাঝেমধ্যে এদিকে ওদিকে লম্বা ঝাঁপ দেয়। এদের জ্বালায় খাবার ফাঁকাও রাখা যায় না। তাই এবার সেই ঝঞ্ঝাট দূর করতে ৪ টি মোক্ষম দাওয়াই নিয়ে আসা হল। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
পেপার স্প্রে এবং ন্যাপথলিন
টিকটিকি তাড়ানোর একটা মোক্ষম উপায় হল পেপার স্প্রে। এই স্প্রে বানাতে গোল মরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হট সস। একটা স্প্রে বোতলে জলের মধ্যে এই তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই স্প্রে বাড়ির আনাচে কানাচে দিয়ে দিলেই দেখবেন উধাও হয়ে যাবে এই প্রাণী। এছাড়াও ঘরের বিভিন্ন কোণায়, আলমারির পিছনে এবং রান্নাঘরের কোনায় কোনায় কয়েকটি ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি এই ন্যাপথলিন বলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। দেখবেন কয়েকদিন পরেই টিকটিকির আনাগোনা বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: ভারতের প্রথম মহিলা হিসেবে সাইকেলে চেপে এভারেস্ট জয়, অসাধ্য সাধন করলেন শিক্ষিকা
পেঁয়াজ-রসুনের কোয়া এবং ডিমের খোলা
টিকিটিকি তাড়াতে হলে ঘরের চার কোণে কয়েকটি পেঁয়াজ ও রসুনের কোয়া বিভিন্ন জায়গায় রেখে দিন। এর তীব্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। অথবা একটি প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে তার মধ্যে পেঁয়াজের টুকরো কিংবা রসুনের কোয়া রাখতে হবে। সেই জল তারপর কোনায় কোনায় স্প্রে করলে টিকটিকি এবং অন্য পোকামাকড় প্রাণ হাতে নিয়ে পালাবে। পাশাপাশি ডিমের খোলাকে টিকটিকি তাড়ানোর হাতিয়ার করতে পারেন। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে কফি ও তামাক জাতীয় পাউডারের মিশ্রণও ছড়িয়ে দিতে পারেন বাড়ির আনাচে কানাচে তবে বাড়িতে বাচ্চা থাকলে সেটা না করাই ভালো।












