বিক্রম ব্যানার্জী, কলকাতা: “এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা যে কার মুখ দেখে শুরু করেছিল কলকাতা, কে জানে!” প্রিয় দল KKR র ক্রমাগত ব্যর্থতা দেখে এমন কথায় উঠে আসছে ভক্তদের গলায় (Kolkata Knight Riders)। প্রথম দুই ম্যাচে লজ্জার পরাজয়ের পর গত পাঞ্জাব ম্যাচে ঘরের মাঠে 1 পয়েন্ট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেটাও ভাগ্যের জোরে ম্যাচ ভেস্তে যাওয়ায়। এবার ইডেনে KKR মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচের আগেই সুখবর এল নাইট শিবিরে। নেটে অনুশীলন করতে শুরু করলেন 18 কোটির পেসার।
অনুশীলন শুরু করে দিলেন 18 কোটির বোলার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম থেকেই বোলারদের নিয়ে ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরই একের পর এক প্লেয়ারের চোট নিয়ে কার্যত চিন্তায় ভেঙে পড়ে শাহরুখ খানের দল। প্রথমেই চোট নিয়ে ছিটকে যান হর্ষিত রানা। এরপর চোট পান 18 কোটির প্লেয়ার মাথিশা পাথিরানা। তার পর পরই চোট পাওয়ার কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েন আকাশদীপ। এইসব যন্ত্রণা নিয়ে বিকল্প প্লেয়ারদের সাথে করে খেলতে নেমেছে KKR।
তবে আশা ছিল হয়তো 18 কোটির লঙ্কান বোলারকে পাওয়া যাবে। এবার তা নিয়েই মিলল সুখবর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বল হাতে নেটে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এই ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষা দেননি তিনি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই পরীক্ষায় পাস করে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে NOC নিয়ে কলকাতায় চলে আসবেন এই খেলোয়াড়। শেষ বারের মতো শোনা গিয়েছে, কয়েকজন লঙ্কান ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দিলেও পাথিরানা সহ কয়েকজন সেই পরীক্ষায় নাম লেখাননি।
অবশ্যই পড়ুন: “আমরা মজদুর মানুষ…” ফের মুখ খুললেন টিম ইন্ডিয়া থেকে ব্রাত্য শামি
প্রসঙ্গত, কয়েকটি সূত্র মারফত খবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতার ম্যাচের আগেই হয়তো নাইট শিবিরে যোগ দিতে পারেন শ্রীলঙ্কার দাপুটে বোলার। এ নিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিছু না জানালেও শোনা যাচ্ছে তাদের সাথে নিয়মিত কথা হচ্ছে লঙ্কান বোর্ডের। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই শহরে পা রাখবেন পাথিরানা।












