মনোজ আগারওয়ালের জায়গায় রাজ্যের নতুন CEO হলেন নীলম মীনা

Published:

Neelam Meena

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক প্রশাসনিক পালাবদল ঘটেছে। আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নিযুক্ত ছিলেন মনোজ আগারওয়াল (Manoj Agarwal)। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পরেই তাঁকে মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়। সেই কারণে জল্পনা চলছিল যে বাংলার নতুন সিইও কে হবেন? অবশেষে ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের নতুন সিইও হলেন নীলম মীনা (Neelam Meena)। চিনে নিন এই আধিকারিককে।

সিইও পদে নীলম মীনাকে নিয়োগ

উল্লেখ্য, মনোজ আগরওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন আইএস নীলম মীনা। তিনি আগে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন বলেই খবর। বেশ কিছু তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার ছিলেন নীলম। এমনকি দীর্ঘ ২৮ বছর প্রশাসনিক দায়িত্বভারের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই সূত্রেই এবার রাজ্যের গুরুত্বপূর্ণ পদে তাঁকে যোগ্য মনে করে বসানো হল।

সূত্রের খবর, নীলমের জন্ম ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ইউপিএসসি দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসেবে তিনি কর্মরত ছিলেন। এছাড়াও অতীতে ব্যক্তিগত সচিব, জেলা কালেক্টর, প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, যুগ্ম সচিব, ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। সোমবার বিকালেই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অর্থাৎ মঙ্গলবার থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

Image

আরও পড়ুন: রাজ্যের ‘ভদ্রলোক’ মুখ্যমন্ত্রীদের তালিকা থেকে বাদ পড়ল মমতা ব্যানার্জির নাম

না বললেই নয়, রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে তিনজনের নাম কমিশনের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই তালিকা থেকে একজনকে রাজ্যের পরবর্তী সিইও হিসেবে বেছে নিয়েছে কমিশন। নীলম মীনা ছাড়াও মৌমিতা গোদারা বসু এবং তন্ময় চক্রবর্তী দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত নীলম মীনাকেই বেছে নিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, এবারের নির্বাচনেও দায়িত্ব সামলেছেন তিনি। বিশেষ করে বুথগুলিতে কড়া নজরদারি দিয়েছিল কমিশন। আর নীলম মীনা ছিলেন কন্ট্রোল রুমের দায়িত্বে।