শুরু হতে পারে কলকাতা-শালিমার ডিরেক্ট ফেরি সার্ভিস, আশার আলো দেখছে রেলও

Published:

Shalimar Ferry Service

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে বিজেপির সরকার (Government Of West Bengal) প্রতিষ্ঠিত হতেই একে একে দাবি পূরণ হচ্ছে বাংলার মানুষের। গতকাল ফলতায় বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। প্রতিশ্রুতি মতো এবার ডায়মন্ড হারবারের ওই অংশে রেললাইন তৈরি হতে পারে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে। এই আশা যেমন আছে তেমনই নিত্যযাত্রীদের মধ্যে আশার আলো জাগছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শালিমার ফেরি পরিষেবা (Shalimar Ferry Service) প্রকল্প নিয়েও। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের হাত ধরে এবার বোধহয় কলকাতা থেকে সরাসরি গঙ্গা পেরিয়ে শালিমার স্টেশনে পৌঁছনো যাবে বলেই আশা করছেন যাত্রীদের একটা বড় অংশ।

অবশেষে শালিমার ফেরি পরিষেবা বাস্তবায়িত হবে?

নিত্য যাত্রীদের একটা বড় অংশ দিনের পর দিন দাবি জানিয়ে এসেছেন, কলকাতা থেকে সরাসরি গঙ্গা পেরিয়ে শালিমার স্টেশনে পৌঁছনোর জন্য শালিমার ফেরি সার্ভিস চালু করা হোক। তৃণমূল সরকারের আমলে এতদিন সেই প্রকল্প বাস্তবায়নের ছোঁয়া না পেলেও বিজেপি সরকারের হাত ধরে এবার সেই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হতে পারে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের সংগঠনগুলি।

বলাই বাহুল্য, হাওড়া স্টেশনের উপর থেকে অতিরিক্ত চাপ কমিয়ে আনতে শালিমারকে বিকল্প টার্মিনাল হিসেবে ব্যবহার করতে চাইছে রেল। সেই মতোই, স্টেশানটিকে বিরাট পরিসরে গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নতুন প্ল্যাটফর্ম থেকে শুরু করে অতিরিক্ত রেললাইন এমনকি স্টেশনের আধুনিকীকরণ, সবই হচ্ছে এক লপ্তে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতা থেকে শালিমার সরাসরি ফেরি পরিষেবাও।

সূত্রের খবর, কলকাতা থেকে নিত্যদিনের যাত্রীরা, যাতে খুব সহজেই গঙ্গা পেরিয়ে সরাসরি শালিমারে আসতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই রাজ্য সরকারের কাছে শালিমার স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে একটি বড় ফেরিঘাট তৈরির আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে হাওড়া স্টেশন ঘুরে আর যেতে হবে না যাত্রীদের। তাতে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে কষ্ট। এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জগপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, মে মাসের 7 তারিখ, দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সাথে তাঁদের একটা ছোট্ট বৈঠক হয়েছিল।

অবশ্যই পড়ুন: ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি, শত্রু বিনাশে আরও ১১৪টি রাফলে কিনছে ভারত!

তিনি জানান, ওই বৈঠকেই খড়গপুর ডিভিশনে অনিয়মিত ট্রেন চলাচল থেকে শুরু করে যাত্রীদের সমস্যা জানানোর পাশাপাশি কলকাতা থেকে শালিমার ফেরি পরিষেবা নিয়েও আলোচনা হয়। সেখানে নাকি রেলের তরফে তাদের জানানো হয়, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ফেরি তৈরি নিয়ে রাজ্য সরকারের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল। তবে পূর্বতন সরকার বিষয়টি আমলে না নেওয়ায় সমস্যা মেটেনি। তবে এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের শাসন শুরু হয়েছে। ফলে, সাধারণ মানুষের কথা ভেবে খুব শীঘ্রই ফেরি পরিষেবায় সিলমোহর মিলতে পারে বলেই আশা করা যাচ্ছে।