বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরের কথা। শহরে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi) পা পড়তেই উষ্ণ মেজাজ পেয়েছিল কলকাতা। তবে আর্জেন্টাইন ফুটবলারের প্রস্থানের সময়টায় বদলে গিয়েছিল গোটা চিত্র। নিজেদের কষ্টার্জিত অর্থ খরচ করে প্রিয় তারকাকে দেখতে এসে মন্ত্রী পারিষদ ও তাঁদের ঘনিষ্ঠদের ভিড় কাটিয়ে মেসিকে দেখা হয়নি সমর্থকদের। যার ফলাফল ছিল যুবভারতীর বিশৃঙ্খলা। যে ঘটনায় জেল খাটতে হয়েছিল মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্তকে। এবার সেই বাঙালি ক্রীড়া সংগঠক রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে 100 কোটির মামলা দায়ের করতে চলেছেন।
অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলে বড় পদক্ষেপের পথে শতদ্রু
রাজ্যে পালাবদল হওয়া মাত্রই বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের ফেসবুক হ্যান্ডেলেও এসেছে বদল। বিজেপির সরকার ক্ষমতায় আসার পরই শতদ্রুর ফেসবুক হ্যান্ডেল থেকে প্রায় প্রতিদিনই মেসি কান্ড নিয়ে উঠে আসছে একের পর এক বিস্ফোরক সব পোস্ট। সেখানেই বাঙালি ক্রীড়া সংগঠক জানালেন, তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করতে চলেছেন। আগামী বুধবার এই মামলা দায়ের করার কথা রয়েছে বলেই খবর।
এক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রম এবং পরিকল্পনার ফলস্বরূপ দেশে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে আসতে পেরেছিলেন তিনি। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের অমার্জিত আচরণ এবং পুলিশের নিরাপত্তায় কমতি থাকার কারণে সমস্ত আয়োজন ভেস্তে যায়। যার ফলাফল যুবভারতীর বিশৃঙ্খলা। এই ঘটনা তাঁর এবং বাংলার অসংখ্য ফুটবলপ্রেমীর ক্ষোভ বাড়িয়েছে। এবার হিসেব নেওয়ার পালা। আগে চুপ করেছিলেন কারণ পরিবার বাঁচাতে হবে। মেসি কান্ড নিয়ে মুখ খুললেই সমস্যা আছে, এমন সব হুমকিও পেয়েছিলেন বাঙালি ক্রীড়া সংগঠক! তাই সরকার বদল হতেই এবার মেসি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তিনি।
অবশ্যই পড়ুন: আচমকা বুকে ব্যথা বা শ্বাসকষ্ট? জরুরি পরিস্থিতিতে এই টিপস জানলে বাঁচতে পারে প্রাণ
শতদ্রু নিজেই জানিয়েছেন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করতে চলেছেন তিনি। এই মামলায় যদি তিনি যেতেন সেক্ষেত্রে যে টাকা পাবেন সমস্তটা যাঁরা মেসিকে এক ঝলক দেখার জন্য টিকিট কেটেছিলেন তাঁদের মধ্যে বিলিয়ে দেবেন। এর আগেও শতদ্রু বারবার দাবি করেছেন, নতুন সরকারের কাছে তাঁর একটাই আবেদন যেন মেসি কান্ডের পূর্ণাঙ্গ তদন্ত হয়। আর এই তদন্তে শতদ্রু নিজেও সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের একটি পোস্টে শতদ্রু লিখেছিলেন, “দোষীদের আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো। বিচারব্যবস্থা এবং বর্তমান প্রশাসনের উপর পূর্ণ আস্থা রেখে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। খেলা এখন শুরু। “










