গুনতে হবে ২০০০ টাকা জরিমানা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ফের খোলা হল পোর্টাল

Published:

Higher Secondary Examination

সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে আবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) প্রস্তুতি। কিন্তু পরীক্ষার মাত্র ৭ দিন বাকি থাকলেও এখনও বহু পড়ুয়া অ্যাডমিট কার্ডের জন্য প্রয়োজনীয় এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আর তাদের কথা মাথায় রেখে ফের একবার পোর্টাল খোলার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, তিন দিনের জন্য এই এনরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে। কিন্তু শেষ মুহূর্তে নাম নথিভুক্তি করানোর জন্য স্কুলগুলিকে পড়ুয়া প্রতি ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

কারা করতে পারবে আবেদন?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট করেনি, শুধুমাত্র তারা এই সুযোগ পাবে। আর ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষের একাধিক আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চাপ কমবে পড়ুয়াদের, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের

তবে শেষ মুহূর্তে ধার্য করা এই অতিরিক্ত জরিমানা নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন, ছাত্র-ছাত্রীদের সমস্যার সময়ে এভাবে মোটা অংকের জরিমানা চাপানো মোটেও ঠিক নয়। সত্যি যদি উপকার করতে চাওয়া হয়, তাহলে অনেক কম টাকা দিয়ে এই সুযোগ দেওয়া যেতে পারে।

এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জরিমানা আদায় করা আমাদের কোনও উদ্দেশ্য নয়। আমরা চাই নির্দিষ্ট নিয়ম এবং সময়সীমার মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হোক এবং একজন পড়ুয়াও যেন পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিছু কিছু ক্ষেত্রে স্কুলের গাফিলতি আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পড়ুয়াদের অসহযোগিতাও রয়েছে।

আরও পড়ুন: আমেরিকার এক সিদ্ধান্তে বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল ভারত

কতজন পড়ুয়া এনরোলমেন্ট সম্পন্ন করেছে?

সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট সম্পন্ন করেছে। কিন্তু বিভিন্ন স্কুল জানাচ্ছে, তাদের আওতায় এখনও বেশ কিছু পড়ুয়ার এনরোলমেন্ট প্রক্রিয়া বাকি রয়েছে। আর এই বাড়তি সময়ের মধ্যেই সকলকে এনরোলমেন্ট কাজ শেষ করতে হবে।

google button