সময়মত SIR না হলে কী হবে? বিরাট মন্তব্য শুভেন্দু অধিকারীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন লেগেই রয়েছে। এই অবস্থায় গতকাল, বুধবার, সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সওয়াল ঘিরে রাজনৈতিক বিতর্ক যেন আরও বড় আকার নিল। আদালতে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। এমতাবস্থায় রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নিয়ে জল্পনা

বুধবার SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল জবাবের সময় রাজ্যের তরফে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, হাতে বাকি আর ১১ দিন। এদিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। এখনও ৩২ লক্ষ মানুষের শুনানি বাকি আছে। চার দিনের মধ্যে শুনানি শেষ করতে প্রতিদিন ১৫ লক্ষ মানুষের শুনানি করতে হবে। মানুষ চার পাঁচ ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছে। যদিও সেই নিয়ে সুপ্রিম কোর্টের তরফে কিছুই বলা হয়নি। কিন্তু জল্পনা বাড়ছে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিন পিছিয়ে যেতে পারে কিনা।

কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

SIR প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই একাধিক বিতর্ক উঠে আসছে। অভিযোগ তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন ভুল করছে, অনেক যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে। শুনানিতেও বাকি থেকে যাচ্ছে অসংখ্য লোক। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের। মাত্র ৪ দিন সময় আছে। জজসাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াব। আমরা ভাবছি। এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে। তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে।’ এমতাবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রিমাইন্ডার দিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: DA মামলায় বড় জয় সরকারি কর্মীদের, এখনই ২৫% দিতে হবে! নির্দেশ সুপ্রিম কোর্টের

রাষ্ট্রপতি শাসনের রিমাইন্ডার শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “সংবিধানে পরিষ্কার লেখা আছে ৫ মে, অর্থাৎ ৬০ মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। এদিকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। তাই আগামী ৫ মে রাত ১২টার আর সরকার থাকবে না। কেউ বাধা দিলেও কিছু হবে না। কোনও জায়গায় হস্তক্ষেপ করার সুযোগ নেই। তখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কার্যকর হবে।” এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ময়দানে জোর আলোচনা শুরু হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে সোমবার শুনানির পর। তাই এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিন পিছিয়ে যেতে পারে কিনা।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button