৩ ঘণ্টায় শিলিগুড়ি থেকে বারাণসী, বুলেট ট্রেনের রুট ম্যাপ চূড়ান্ত! সমীক্ষা শুরু করছে রেল

Published:

Update On Varanasi–Siliguri Bullet Train high-speed rail corridor

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বুলেট ট্রেনের মানচিত্রে জুড়তে চলেছে পশ্চিমবঙ্গ (Varanasi-Siliguri Bullet Train)। একথা অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মতোই একটু একটু করে এগোচ্ছে শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডোরের কাজ। যদিও সবটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডরের প্রাথমিক পর্বের কাজ শুরু হবে।

কবে থেকে শুরু হবে বাংলার প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ?

রেলমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডোরের প্রাথমিক কাজ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই মেগা প্রকল্পের জন্য একটি বিশেষ সমীক্ষা দল তৈরি করে ফেলেছে। আসন্ন জুলাই মাসেই তারা আকাশ পথ এবং স্থলপথ উভয় মাধ্যমে সমীক্ষা চালাবে। রেল সূত্রে খবর, এই সমীক্ষা পর্ব চলাকালীনই করিডোরের চূড়ান্ত রূপ এবং প্রযুক্তিগত যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে।

এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হল DPR প্রস্তুত করা। বলাই বাহুল্য, 2017 সালের মার্চ মাসের মধ্যে এই ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেল। তবে তা সম্ভব না হলেও এবার সেই কাজ সেরেই রেল বোর্ডের অনুমোদন নিয়ে শুরু হবে রেললাইন নির্মাণের কাজ। শোনা যাচ্ছে, বারাণসী-শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরে যে স্টেশনগুলি থাকবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্টেশন হবে কাটিহার, পূর্ণিয়া এবং কিষাণগঞ্জ। কারণ এই স্টেশনগুলি সীমান্ত অঞ্চলের কার্যত গা ঘেঁষে তৈরি হবে।

অবশ্যই পড়ুন: পরপর সাতবার! ফের পাকিস্তানে ভেঙে পড়ল চিনা JF-17 যুদ্ধবিমান

প্রসঙ্গত, ভারতীয় রেলের তরফে প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন রুটে বারাণসীর পর ট্রেন গাজীপুর, বক্সার আরা, পাটনা, বেগুসরাই, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া এবং কিশানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবে। জানা যাচ্ছে, ভারতীয় রেলের তরফে প্রস্তাবিত হাই স্পিড রেল চালু হলে বুলেট ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে বারাণসী যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 55 মিনিট। এক কথায় এই করিডোর, ৩ রাজ্য অর্থাৎ বাংলা বা পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশকে এক সুতোয় জুড়বে।