দ্বিগুন বেতন! অষ্টম পে কমিশনে সরকারি কর্মচারীদের জন্য থাকছে কোন চমক?

Published:

অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংশোধিত মাসিক বেতন নির্ধারণ করার উদ্দেশ্যে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) জোরকদমে কাজ করছে। চলতি আগস্টের প্রথম সপ্তাহেই একাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সংগঠন এই নিয়ে নানা প্রস্তাব জমা দিয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধির হার এবং মহার্ঘ ভাতার (DA) ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তারা। এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে মাত্র সাত বছরেই কর্মীদের মাসিক বেতন দ্বিগুণ করার সুপারিশ করতে পারে অষ্টম পে কমিশন। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে সরকারি কর্মচারী মহলে এরকম জল্পনা চললেও, সরকারের তরফে এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সতবছরেই বেতন দ্বিগুন হবে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলোর যুক্তি হল, পে কমিশনের কাজের পরিধি কেবল মূল বেতন (Basic Pay) বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বার্ষিক বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকটিও তাদের গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ এই দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই কর্মীদের মূল বেতন বৃদ্ধি পায়। এধরনের পদক্ষেপের ফলে নিম্নস্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার মাত্র ৩ শতাংশ। এর ফলে মূল বেতন ২৩,৪৮৬ টাকায় পৌঁছাতে প্রায় ১০ বছর সময় লেগে যায়। অর্থাৎ, একজন লেভেল-১ স্তরের কর্মচারীর মাসিক বেতন দশ বছরের মধ্যেও দ্বিগুণ হয় না।

আরও পড়ুন: “মিলছে না অর্ধেকের বেশি টাকা” সরকার পেনশন, DA মেটালেও আতঙ্কে কর্মীরা

বেতনের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA), পরিবহন ভাতা (TPA) এবং বাড়ি ভাড়া ভাতা (HRA) দেওয়া হয়। মূল বেতনের সঙ্গে ডিএ (DA) এবং এইচআরএ (HRA)-কে একত্রিত করার নিয়ম রয়েছে, তবে এটা কার্যকর হয় কেবল ডিএ-র হার ৫০ শতাংশে পৌঁছালে। অন্যদিকে, পরিবহন ভাতার (TPA) পরিমাণ কেন্দ্রীয় সরকারই ঠিক করে।

এখন অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় বেশ কিছু কর্মচারী সংগঠন এই নিয়মগুলোতে পরিবর্তনের দাবি জানিয়েছে। তারা সরকারের কাছে বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করার আবেদন করছে। এছাড়া, ডিএ-র হার ২৫ শতাংশে পৌঁছালেই তা মূল বেতনের সঙ্গে সংহত করার প্রস্তাবও দিয়েছেন তারা। এই পদক্ষেপগুলি যদি বাস্তবায়িত হয়, তাহলে হিসেবমতো কর্মচারীদের হাতে আসা মোট বেতন সাত বছরের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে।

আরও পড়ুন: এবার বাংলায় ঝাঁপিয়ে পড়বে ‘অর্জুন বাহিনী’, কী কাজ করবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যতম বৃহৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-ও এবিষয়ে কমিশনের কাছে একটি প্রস্তাবনা জমা দিয়েছে। তারা সরকারের কাছে বার্ষিক বেতন ৬ শতাংশ হারে বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছে। এছাড়াও প্রস্তাব করেছে যে, একটি অর্থবর্ষের মধ্যে সমস্ত ভাতা বাধ্যতামূলকভাবে তিনবার বৃদ্ধি করতে হবে এবং পরবর্তীতে সেগুলোকে মহার্ঘ ভাতার সাথে মিলিত করতে হবে।

আর্থিক বিশারদরা আশা রাখছেন যে, অষ্টম পে কমিশন সম্ভবত এনসি-জেসিএম-এর এই প্রস্তাবটি মেনে নিতে পারে। আগামী বছরের মে-জুন মাসে অর্থ মন্ত্রকের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে, তখনই এই সিদ্ধান্তগুলির বিষয়ে নিশ্চিতভাবে জানা যাবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ৭ বছরে না হলেও ৮ বছরের মধ্যে মাসিক বেতন দ্বিগুণ হওয়ার পথ প্রশস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।