প্রচণ্ড তাপপ্রবাহেও এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা, মেনে চলুন এই টিপস

Published:

Room Cooling Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের প্রকোপ দিনের পর দিন একেবারে গগনচুম্বী হচ্ছে। তীব্র দাবদহে পুড়ছে গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। আর এই গরমে একটু শান্তির খোঁজে অনেকেই এয়ার কন্ডিশন বা এসি কেনার কথা ভাবছেন। তবে মধ্যবিত্তের পকেটে এসির দাম যেরকম বড় ধাক্কা, ঠিক তেমনই আকাশছোঁয়া বিদ্যুতের বিল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ঘর ঠান্ডা রাখার জন্য সব সময় এসির প্রয়োজন হয় না। ঘরের ভেতরে সাধারণ কিছু বৈজ্ঞানিক নিয়ম মানলেই এসি ছাড়া আপনার ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। সেরকমই কিছু টিপস দেব এই প্রতিবেদনে (Room Cooling Tips)।

ইনডোর প্ল্যান্ট

আজকালকার দিনে অনেকেই ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভিতরে গাছ ব্যবহার করেন। কিন্তু এই গাছগুলো শুধুমাত্র যে সৌন্দর্য বাড়ায় এমনটা নয়। ঘরের তাপমাত্রা কমাতেও সাহায্য করে। মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট বা অন্যান্য গাছগুলি ঘরের ভেতরের আর্দ্রতা বজায় রাখে এবং বাতাসকে ফিল্টার করে ঠান্ডা রাখে। আর এই গাছগুলি ঘরের ভেতরের দূষিত বাতাস শুষে নিয়ে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ করে। যার ফলে ঘরের গুমোট ভাব অনেকটাই কমে।

ভেজা তোয়ালের কার্যকর পদ্ধতি

এটি একটি অত্যন্ত প্রাচীন এবং বৈজ্ঞানিক উপায়। ঘরের যে জানলা দিয়ে বাতাস ঢোকে, তার সামনে একটি ভেজা তোয়ালে কিংবা পাতলা সুতির চাদর যদি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে গরম হাওয়া যখন সেই ভেজা কাপড় দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করবে, তখন তা নিমেষেই শীতল বাতাসে পরিণত হয়ে যাবে। আর দিনে অন্তত দুই থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে যদি ঘরের মেঝে মুছতে পারেন, তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে। কারণ, মেঝের জল যখন বাষ্পীভূত হতে শুরু করে, তখন তা চারপাশের বাতাস থেকে তাপ শুষে নেয়। যার ফলে ঘরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে।

অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখুন

আমরা অনেক সময় ঘরের ভেতরে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম বিনা কারণে চালিয়ে রাখি। কিন্তু এটি দ্রুত ঘরকে গরম করে তোলে। ঘরের ভেতরে দীর্ঘক্ষণ টেলিভিশন, কম্পিউটার বা চার্জার অন রাখলে সেগুলো থেকে তাপ নির্গত হতে থাকে এবং ঘর গরম হয়। এমনকি ঘরে পুরোনো দিনের হলুদ ফিলামেন্ট বাল্ব থাকলে তা এখনই বদলে ফেলুন। এগুলো প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এর পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করার চেষ্টা করুন।

আরও পড়ুন: আবেদনের সময় এই ভুল করলেই মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড! আগেভাগে জানুন

সঠিক ভেন্টিলেশন ব্যবহার করুন

ঘর ঠান্ডা রাখার অন্যতম প্রধান উপায় হল বাতাস চলাচলের সঠিক পরিকাঠামো করা। এর জন্য ভোরবেলা এবং সূর্যাস্তের পরপর ঘরের সমস্ত জানলা খুলে দেওয়ার চেষ্টা করুন, যাতে ভেতরের গরম বাতাস বেরিয়ে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে রোদের তেজ এবং লু সবথেকে বেশি থাকে। আর এই সময় ঘরের জানলা এবং দরজা বন্ধ করে রাখাই সবথেকে বুদ্ধিমানের কাজ। এমনকি ভারী পর্দা টেনে দিন, যাতে বাইরের অতিরিক্ত তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে।