উদ্ধব ঠাকরের শিবসেনায় এবার বড় ধাক্কা! শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন ৬ বিদ্রোহী সাংসদ

Published:

Shiv Sena

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের পর এবার মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ভাঙন। উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT)-তে এবার বড় ফাটল। সূত্রের খবর, শিবসেনা (UBT)-র ৬ জন লোকসভার সাংসদ সোমবার বিকাল ৩ টায় একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় (Shiv Sena) যোগ দিতে চলেছেন। আর এই ৬ সাংসদ শিন্ডে শিবিরে গেলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে যেতে পারে বিদ্রোহী দল। যার ফলে উদ্ভব ঠাকরের দলের জন্য এটি বিরাট রাজনৈতিক ধাক্কা হতে পারে। তবে এতে কি বিজেপি কোনও ভাবে প্রভাবিত হবে?

অপারেশন টাইগার ঘিরেই রাজনীতি উত্তেজনা

আসলে শিবসেনা (UBT)-র সাংসদদের দলবদলের জল্পনা শুরু হওয়ার পর থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অপারেশন টাইগার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন উদ্ভব ঠাকরে নিজের দলের সমস্ত বিধায়ক এবং বিধান পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক ডাকেন। মুম্বাইয়ের নারিমান পয়েন্টে দলের কার্যালয় শিবালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র মারফত খবর, বিদ্রোহের পরিস্থিতিতে দলের ঐক্য ধরে রাখার কৌশল ঠিক রাখার জন্যই এই বৈঠক।

কোন কোন সাংসদ শিন্ডে শিবিরে যাচ্ছেন?

সূত্রের খবর, শিবসেনা (UBT)-র বর্তমান লোকসভার ৯ জন সাংসদ রয়েছেন। যার মধ্যে ৬ জন সাংসদ শিন্ডে শিবিরে গেলে তারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার শর্ত পূরণ করতে পারবে। তালিকায় রয়েছেন সঞ্জয় দীন পাটিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, ভাউসাহেব ওয়াকচৌরে, নাগেশ পাটিল আস্তিকার ও ওমপ্রকাশ রাজে নিম্বলকর। যদিও এদের মধ্যে নাগেশ পাটিল আস্তিকার এবং ওমপ্রকাশ রাজে নিম্বলকর ইতিমধ্যেই প্রকাশ্যে শিন্ডে শিবিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

নাগেশ পাটিল আস্তিকার জানান যে, তিনি দলীয় আদর্শ বদলাননি। তাঁর দাবি, তিনি এক শিবসেনা থেকে আরেক শিবসেনায় গিয়েছেন। তিনি বলেছেন, দলের কয়েকজন সাংসদকে নিয়ে কিছু মন্তব্য করা হয়েছিল। যার পরেই তাঁদের এই সিদ্ধান্ত। কিন্তু তিনি স্পষ্ট করেছেন, উদ্ভব ঠাকরে বা শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে তাঁর কোনও ব্যক্তিগত ক্ষোভ নেই। আবার অন্যদিকে ওমপ্রকাশ রাজে নিম্বলকর সমর্থকদের সঙ্গে আলোচনা করে শিন্ডে শিবিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: সিভিকদের বেতন বৃদ্ধি, মেয়েদের ৫০ হাজার টাকা! রাজ্যের বাজেটে বড় ঘোষণা

তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে অপারেশন টাইগারের সাফল্যকে ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলেছেন যে, অপারেশন সফল হয়েছে। এখন কারোর চিন্তার প্রয়োজন নেই। যাদের আত্ম সমালোচনা করার দরকার তারা করুন। একনাথ শিন্ডের নেতৃত্ব আসল শিবসেনার আদর্শ বহন করছে। এমনকি উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে বলেছেন যে, তিনি যখন কোনও অপারেশন শুরু করেন তখন তা সম্পূর্ণ করেন। অন্যদিকে আবার উদ্ভব ঠাকরে স্পষ্ট জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন।