সৌভিক মুখার্জী, কলকাতা: জীবনের বড় সাফল্য (Success Story) পাওয়ার জন্য সব সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি থাকতে হয়, একথা আমরা সকলেই শুনি। তবে বাস্তবে তা করে দেখানো সত্যিই কঠিন। কিন্তু নিজের অদম্য ইচ্ছাশক্তি আর লড়াই থাকলে সবকিছু যে সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন ছত্তিশগড়ের যুবক সঞ্জয় ধরিয়া। মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়েও তিনি সফলভাবে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC Civil Service Examination) উত্তীর্ণ হলেন। ২০২৫ সালের এই পরীক্ষায় তিনি ৯৪৬ তম র্যাঙ্ক অর্জন করেছেন। তাঁর এই সাফল্য ঘিরে ধন্যিধন্যি পড়েছে গোটা ভারতবর্ষে।
ক্যান্সার ধরা পড়ার পরেই শুরু লড়াই
জানা যাচ্ছে, ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার বাসিন্দা সঞ্জয় ধরিয়া। ২০১২ সালে হঠাৎ করেই তাঁর লালাগ্রন্থিতে ক্যান্সার ধরা পড়ে। এই খবর পাওয়ার পর তিনি এবং তাঁর পরিবার বিরাট ঝটকা খান। তারপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে রায়পুর, ভিলা এবং মুম্বাই সহ বেশ কিছু শহরে তাঁর চিকিৎসা চলে। আর এই সময় প্রায় চারবার অস্ত্রোপচার করতে হয় তাঁকে।
তবে ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করলেও সঞ্জয় কখনো নিজের স্বপ্ন দেখা ছাড়েননি। ছোটবেলা থেকেই তাঁর মূল লক্ষ্য ছিল দেশের সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস পাস করা। তাই চিকিৎসার পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন এবং রায়পুর থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।
চাকরি, চিকিৎসা, পড়াশোনা সবকিছুই একসঙ্গে
সবথেকে অবাক করার বিষয় হল, সঞ্জয় শুধুমাত্র চিকিৎসা এবং পড়াশোনা করেননি, বরং সেই সময় নিজের চাকরিও করেছেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি আইডিবিআই ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তারপর ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত মহাসমুন্দ পোস্ট অফিসেও তিনি চাকরি করেছেন। আর সবকিছুর পাশাপাশি তার ইউপিএসসি প্রস্তুতি চলেছে। অবশেষে ২০২২ সাল থেকেই তিনি পরীক্ষায় বসা শুরু করেন। আর তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন।
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই হতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া, কত? দেখুন রিপোর্ট
তবে সঞ্জয়ের র্যাঙ্ক অনুযায়ী, তিনি সম্ভবত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগদান করার সুযোগ পাবেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, আমি জানিনা আমি আইএএস হতে পারব কিনা। কিন্তু আইআরএস হওয়ার সম্ভাবনা হয়তো রয়েছে। ছোটবেলা থেকে যে পরীক্ষায় পাস করা স্বপ্ন দেখেছিলাম, আজ সেটাই আমার পূরণ হয়েছে।












