সহেলি মিত্র, কলকাতাঃ বিধ্বংসী ঝড় এবং এক নাগাড়ে বৃষ্টিতে ভিজেই চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। আজ বৃহস্পতিবারও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই সেই চেনা রোদের তেজ রয়েছে। সেইসঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। আগামী দিনে আরও গরম বাড়বে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিনে আজ দুপুরের পর থেকে নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বাংলায় বলে খবর। অন্যদিকে আবার দাবি করা হচ্ছে, ‘শম্পা’ (Shampa) নামের এক আবহাওয়া সিস্টেমের জেরে আগামী ২০ থেকে ২২ মার্চ অবধি বাংলাজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। সত্যিই কি তাই? চলুন জেনে নেবেন।
‘শম্পা’-র জেরে বাংলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা?
সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে যে, ‘শম্পা,’ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির এক বিধ্বংসী স্কোয়াল ফ্রন্ট। যে কারণে ২০ থেকে ২২শে মার্চ ২০২৬ পর্যন্ত বঙ্গজুড়ে এর প্রভাব পড়তে পারে। এও দাবি করা হয়েছে, শম্পা শব্দের অর্থ হলো বিদ্যুতের ঝলকানি বা বজ্রবিদ্যুৎ। সে তো এমনিতেও স্থান বিশেষে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ, বৃষ্টি চলছে। সেখানে আলাদা করে আবহাওয়া অফিস বা IMD-র তরফে কিছু নামকরণ করা হয়নি। তাহলে কি এটা সত্যি নয়?
আরও পড়ুনঃ DA-র প্রথম কিস্তির টাকা নিয়ে কী বলছে রাজ্যের নয়া বিজ্ঞপ্তি?
ওই ফেসবুক পেজে দাবি করা হয়েছে, এই শম্পা’র দৌলতে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং উত্তরবঙ্গের পার্বত্য তরাই ডুয়ার্স অঞ্চলে বজ্রবিদ্যুসহ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে আঞ্চলিকভাবে ভারী বৃষ্টি হতে পারে, এমনকি শক্তিশালী কালবৈশাখী বা টর্নেডো সদৃশ ঝড়-বৃষ্টিও চোখে পড়তে পারে। যদিও এই বিষয়টির সত্যতা যাচাই করেনি Indiahood.in। আবার পোর্টাল বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসের ওপরেই নজর রাখছে।
আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া?
আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বরবিদ্যুত সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।












