বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ৭০ কিমি বেগে ঝড়, বৃষ্টি! দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় সতর্কতা

Published:

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ চৈত্রের শুরুতে যেন অকাল বর্ষার মেজাজ। প্রবল বৃষ্টি, কালবৈশাখীর দাপটে জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি (South Bengal Weather)। গরম থাকলেও ঝড়ের দাপট অনেকটাই প্রলেপের কাজ করছে। আজও দুপুরে বা সন্ধের পর বাংলার কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে।

যদিও আবহাওয়ার আসল খেলা আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। শুক্রবার-শনিবার আবার প্রবল ঝড়-বৃষ্টির জন্য বাংলার জেলায় জেলায় কমলা সতর্কতা। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগেও কালবৈশাখী বইতে পারে। বজ্রপাত থেকে সাবধান। আইএমডি কলকাতার তরফে জারি করা সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় নতুন করে বৃষ্টি ও কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুপুরের পর ফের বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে বা বিকেল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া চোখের নিমিষে বদলে যাবে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশের মতো জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ‘শম্পা’, দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ? জানুন কী বলছে আবহাওয়া দফতর

শুক্রবার থেকে আবার দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। পূর্বাভাস সম্পর্কে বললে, আগামীকাল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গে আজ দুপুরের পর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আলিপুরদুয়ার, দার্জলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

 

google button