সৌভিক মুখার্জী, কলকাতা: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে। আর এরই মধ্যে রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) পেনশন (Pension) ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে বেতন কমিশনের কাছে একটি বিস্তারিত প্রস্তাব জমা দিল। যদি এই প্রস্তাবগুলি কার্যকর হয়, তাহলে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা যে অনেকটাই বাড়বে এবং জীবনযাত্রার মান যে অনেকটাই পরিবর্তন হবে তা বলার অপেক্ষা রাখে না। কী কী দাবি তুলে ধরল তারা? নিচে আলোচনা করা হল।
পুরনো পেনশন ব্যবস্থার পরিবর্তন
RSCWS এর সবথেকে বড় দাবি হল এনপিএস বা ইউপিএস এর মতো স্কিমগুলি বন্ধ করে আবারও সেই ডিফারেন্ট বেনিফিট পেনশন সিস্টেম বা পুরনো গ্যারান্টি যুক্ত পেনশন ব্যবস্থাকে ফিরিয়ে আনা। এর ফলে অবসরপ্রাপ্তকর্মীরা বাজারের মুদ্রাস্ফীতির দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবে।
প্রতি ৫ বছর অন্তর পেনশন সংশোধন
বর্তমান সময়ে ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। কিন্তু সংগঠন দাবি করছে যে, প্রতি ৫ বছরে অন্তর অন্তত পেনশনের পরিমাণ সংশোধন করা যেতে পারে। এতে বর্তমান পেনশনভোগী এবং নতুন অবসরপ্রাপ্তদের আয়ের বৈষম্য দূর হবে এবং পেনশনভীরা অনেকটাই উপকৃত হবে।
ফিটমেন্ট ফ্যাক্টর এবং মহার্ঘ ভাতার ফর্মুলা
ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে আধুনিক জীবনযাত্রার খরচ, স্বাস্থ্য বীমা এবং ডিজিটাল পরিষেবাকে মাথায় রেখে উন্নত হাইব্রিড পদ্ধতি নির্ধারণ করার দাবি তোলা হয়েছে। আর ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনভোগীদের এবার ১০০% মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি সরকারি কর্মীদের জন্য আলাদা একটি মূল্য সূচক তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অতিরিক্ত পেনশনের বয়স কমানো
বর্তমান সময়ে ৮০ বছর বয়স হলে কর্মীরা অতিরিক্ত পেনশন পান। তবে RSCWS এর প্রস্তাব অনুযায়ী, এই বয়সের সীমা কমিয়ে বা ৭০ বছর করা হোক। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচ অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন: মধ্যবিত্তদের সাড়ে সর্বনাশ! এতটা দাম বাড়ল সর্ষের তেলের, দেশলাই নিয়েও দুঃসংবাদ
চিকিৎসা এবং যাতায়াতের ভাতা বৃদ্ধি
RSCWS তাদের প্রস্তাবে এও বলেছে যে, ফিক্সড মেডিকেল অ্যালাউন্স উল্লেখযোগ্য হারে বাড়ানোর দরকার এবং বয়স্ক নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য নতুন করে ট্রান্সপোর্ট সাপোর্ট চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ে পেনশনভোগীদের জন্য CGHS এর মতো ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থার পরিধি আরও বাড়ানোর কথা তুলে ধরা হয়েছে।












