অভিষেকের সাথে সম্পতির যৌথ মালিকানা? এবার মুখ খুললেন সায়নী ঘোষ

Published:

Saayoni Ghosh

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পতন হয়েছে তৃণমূল কংগ্রেসের শাসন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অবৈধ নির্মাণের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি দাবি। যেখানে উল্লেখ করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে নাকি সায়নী ঘোষের (Saayoni Ghosh) নাম রয়েছে। এমনকি জি ২৪ ঘণ্টার এক রিপোর্টে দাবি করা হয়েছে, কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী ১৯ ডি সেভেন ট্যাঙ্কস রোডের একটি ফ্ল্যাটের যৌথ মালিকানা অভিষেক এবং সায়নী ঘোষের। এ নিয়ে মুখ খুললেন যাদবপুরের তৃণমূল সাংসদ।

দাবি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন সায়নী

আজ এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ লিখেছেন যে, “কয়েকটা ফরওয়ার্ড মেসেজ দেখলাম। যেখানে দাবি করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সায়নী ঘোষ দু’জন নাকি একটি সম্পত্তির মালিক। এমনকি সেই সম্পত্তির ঠিকানা ১৯ ডি সেভেন ট্যাঙ্কস রোড, কলকাতা ৭০০০৩০। তবে সেখানে যোগাযোগের জন্য কোনও মোবাইল নম্বর দেওয়া নেই। কিন্তু আমি বলতে পারবো না এই সায়নী ঘোষ কে। তবে এটুকু নিশ্চিত যে সে সেই সায়নী ঘোষ নয়, যিনি অত্যন্ত সাধারণ পারিবারিক পটভূমি থেকে উঠে এসেছেন, এবং আজ পর্যন্ত রাজনৈতিক জীবন থেকে কোনও অবৈধ অর্জন করেননি। মানুষ কেবল আমাকে আশীর্বাদই করেছেন। আর আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।”

তাঁর আরও সংযোজন, আমি চাই আমার ভোটাররা জানুক যে আমার সমস্ত সম্পদের বিবরণ আমি নির্বাচনী হলফনামাতে জানিয়ে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে সবকিছু ঘোষণা করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত নথিপত্র যাচাই করে দেখতে পারেন। যারা কোনও রকম প্রমাণ ছাড়াই আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাঁরা এখানেই থেমে যান। আর দয়া করে জেনে রাখুন, আমি এখান থেকে এক চুলও নড়ব না। আমি এই বিষয়টিকে এত সহজেই ছেড়ে দেবো না। মিথ্যা খবর ছড়ানোর দায়ে আমি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। সায়নী ঘোষ কারও চোখ রাঙ্গানি বা দাপটের কাছে নতি স্বীকার করে না।”

আরও পড়ুন: আজও বড় পতন ভারতীয় রুপির, ডলারের বিপরীতে মান কত হল?

উল্লেখ্য, কলকাতা পুরসভার তরফ থেকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বাড়ির সমস্ত নির্মাণ বৈধ কিনা তা জানতেই নোটিশ ধরানো হয় বলে খবর। পাশাপাশি সমস্ত ডকুমেন্ট নিয়ে অভিষেককে পুরসভাতে হাজির হতেও বলা হয়। এমনকি এও জানা গিয়েছে যে, হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি ছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল ভবন নিয়ে তৃণমূল সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৫টি সম্পত্তিকে ইস্যু করে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। তবে সায়নী ঘোষের সঙ্গে যৌথ মালিকানার যে সম্পত্তি দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ।