সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজীপুর জেলার বিদ্যুৎ দফতরের এক শীর্ষ আধিকারিকের কীর্তিতে এবার গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি বা দুটো নয়, বরং বিদ্যুৎ দফতরের রেকর্ড থেকে দশ-দশটি ট্রান্সফর্মার গায়েব করে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সেই খোদ সাব ডিভিশনাল অফিসার (Electric Transformer Stole)। ২০২৫ এর জুলাই মাসে ঘটা এই রহস্যজনক চুরির ঘটনার তদন্ত নেমে একেবারে চক্ষু চড়কগাছে উঠেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
একবারে গায়েব হল দশটি ট্রান্সফর্মার
টিভি ৯ এর একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার জঙ্গিপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের বেন সাগর ফিডারের কাছে। গত বছরের জুলাই মাসে এই এলাকা থেকে হঠাৎ করে দশটি বিদ্যুৎ ট্রান্সফর্মার গায়েব হয়ে যায় বলে দাবি করে স্থানীয়রা। আর সেই সময় কর্তব্যরত জুনিয়র ইঞ্জিনিয়ার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এবং স্থানীয় নোনহরা থানায় একটি এফআইআর দায়ের করার আবেদন জানান।
তবে অভিযোগ ওঠে যে, জুনিয়র ইঞ্জিনিয়ার বারবার অভিযোগ জানালেও তৎকালীন এসডিও প্রমোদ যাদব কোনওরকম পদক্ষেপ নেননি। এমনকি সবথেকে বড় ব্যাপার, পুলিশের কাছেও বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। যার ফলে মাসের পর মাস ধরে এই দুর্নীতির ঘটনা ধামাচাপা পড়ে থাকে। এদিকে ট্রান্সফর্মার না থাকার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ে।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে লাগু নয়া শ্রম আইন, বদলে গেল PF থেকে বেতন, গ্র্যাচুইটির নিয়ম
তবে ঘটনাটি ধামাচাপা পড়ে থাকলেও চলতি বছরের শুরুতে আসে আসল টুইস্ট। গত জানুয়ারি মাসে একটি সরকারি বৈঠকে গাজীপুরের সাংসদ আব্দুল আনসারী এই ট্রান্সফর্মার নিখোঁজের বিষয়টি তুলে ধরেন। আর সাংসদের চাপের মুখে তড়িঘড়ি একটি তদন্ত কমিটি গঠন করে ফেলে বিদ্যুৎ দফতর। সেখানকার অধিকর্তা বিবেক খান্না জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, এসডিও প্রমোথ যাদব সরাসরি এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। এমনকি এই চক্রে বেশ কিছু লাইনম্যানেরও ভূমিকা রয়েছে। তবে নিখোঁজ হওয়া দশটি ট্রান্সফর্মারের মধ্যে পাঁচ থেকে ছয়টি ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সূত্রেই এসডিও প্রমোথ যাদবকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ও সাসপেনশন এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সুপারিশ জানানো হয়েছে। আর এই চক্রে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।












