সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাসের শুরুতেই যেন তাপপ্রবাহ চলছে সর্বত্র। ৪০ ডিগ্রি গরমে চামড়া যেন পুড়ে যাওয়ার জো। এদিকে হাওয়া অফিস (Weather Today) জানাচ্ছে, আগামী কয়েকদিন বাংলার পারদ এমনই থাকবে। গরমের দাপট থাকবে সর্বত্র। তবে এই অস্বস্তির মধ্যেও কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিন জেলায় জেলায় শিলাবৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস জারি করল। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে পরবর্তী কয়েক দিনে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ঝড় বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে মিনি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, মূলত পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়া নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বইতে পারে। আবহাওয়ার এরকম রকমফের হওয়ার ফলে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে একটি সিস্টেম উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, যা সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব অসম অতিক্রম করছে। অনুকূল হাওয়ার গতিবেগ ও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার প্রবেশের কারণে আজ ৫ থেকে ৯ এপ্রিল সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ চিনকে আটকানোই লক্ষ্য, মরিশাসের যমজ দ্বীপে গোপন ঘাঁটি গড়ছে ভারত?
আগামীকালের আবহাওয়া
সোমবারের কথা বললে, এদিনও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলী জেলায়।












