সহেলি মিত্র, কলকাতাঃ ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যে কারণে বাংলায় ক্রমশ বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গী হয়েছে কালবৈশাখী এবং বজ্রপাত। এমনিতেই হাঁসফাঁস করা গরমে ওষ্ঠাগত প্রাণ। বাইরে বেরোলেই সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। যদিও তারই মধ্যে স্বস্তি বয়ে এনেছে একটানা ঝড় বৃষ্টি। আজ মঙ্গলবারও বাংলায় দুর্যোগ চলবে বলে আভাস (Weather Today) দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি কালবৈশাখী হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাংলার বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশের উপর থেকে বিদর্ভ ও ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ লাইন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে। এছাড়া, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র দক্ষিণ-পূর্ব ও দক্ষিণী হাওয়ার প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে প্রচুর আর্দ্রতা প্রবেশ করছে। যে কারণে বাংলায় ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিনে আরও ৩–৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের বাওহাওয়া প্রসঙ্গে। এদিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও উথাল পাথাল হবে আবহাওয়া। যদিও ৮ এপ্রিল, বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তীব্র বৃষ্টিপাতের মাত্রা বাড়বে বলে খবর।
আরও পড়ুন: জুলাইতে রিচার্জের দাম ১৫% বাড়াতে পারে Jio, Airtel! দাবি রিপোর্টে
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? এদিন থেকে আবার নতুন করে তুমুল দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গে। এদিন থান্ডারস্কোয়াল, সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী এবং হাওড়া জেলায়। জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী, সঙ্গে ব্যাপক বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা।












